হোম > জাতীয়

গল্পের বই চলেছে ভালোই

শরীফ নাসরুল্লাহ, ঢাকা

বইয়ের পাতায় চোখ আটকে আছে দুই তরুণীর। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। ছবি: আজকের পত্রিকা

রমজানের শেষ সপ্তাহ চলছে। বেশির ভাগ মানুষই সপরিবারে ঝুঁকেছে ঈদের কেনাকাটায়। বইমেলায় তাই তেমন ভিড় নেই। এই শেষ কদিনে যাঁরা আসছেন, তাঁদের মূল উদ্দেশ্য বই কেনা। স্টলগুলোর বিক্রয়কর্মীরা জানিয়েছেন, বিক্রি যতটা খারাপ হবে ভাবা হয়েছিল, ততটা নয়।

মেলায় এবার গল্পের বইয়ের বিক্রি ভালোই হয়েছে। এসেছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বই। কথাসাহিত্যে জাদুবাস্তবতার এক স্বতন্ত্র ধারা গড়ে তোলা সৈয়দ মনজুরুল ইসলামের দুটি বই ‘কাচ-ভাঙা রাতের গল্প’ এবং ‘অন্ধকার ও আলো দেখার গল্প’ থেকে বাছাই করে ‘ভুলে থাকা গল্প’ নামে একটি নির্বাচিত ছোটগল্প সংকলন বের করেছে পাঠক সমাবেশ। পাঠক সমাবেশের কর্মী রাকিবুল ইসলাম রায়হান জানালেন, এবারের মেলায় তাঁদের বেশি বিক্রি হওয়া বইগুলোর মধ্যে একটি এটি।

খ্যাতিমান রুশ কথাসাহিত্যিক নিকোলাই গোগোলের নির্বাচিত গল্প প্রকাশ করেছে বাতিঘর। মূল রুশ থেকে অনুবাদ করেছেন অরুণ সোম।

কবি প্রকাশনী থেকে নতুন একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। তারা ধ্রুপদি সাহিত্য ও অনুবাদ গল্পও বের করেছে।

ভারতীয় উপমহাদেশের বিশ শতকের শক্তিমান লেখক সাদাত হাসান মান্টো। বিশেষ করে দেশভাগের ভয়াবহতা ও মানবিক বিপর্যয়কে তিনি অনন্য দক্ষতায় সাহিত্যে তুলে এনেছেন। ‘মান্টোর শ্রেষ্ঠ গল্প’ নামে এই কথাসাহিত্যিকের নির্বাচিত গল্পের সংকলন এনেছে বেঙ্গলবুকস। গল্পগুলো অনুবাদ করেছেন কমলেশ সেন।

ওয়াসি আহমেদ ও ইমতিয়ার শামীম সম্পাদিত ‘বাংলাদেশের পাঁচ দশকের গল্প’ গল্প সংকলনের দ্বিতীয় খণ্ড এসেছে মেলায়। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র জন্ম নেওয়ার পরে লেখা পাঁচ দশকের ৩১ জন গল্পকারের গল্প নেওয়া হয়েছে এখানে। বইটি বের করেছে কথাপ্রকাশ।

বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে দেওয়া তথ্যমতে, গতকাল পর্যন্ত মেলায় গল্পের বই বেরিয়েছে ১৮৫টি।

নতুন বইয়ের খোঁজে

কথাসাহিত্যিক, কবি ও অনুবাদক জিয়া হাশানের উপন্যাস ‘রুপালি আলেয়ার আয়োজন’ বের করেছে কথাপ্রকাশ। ‘মধ্যযুগের বাংলা কাব্যে লোক উপাদান’ লোকসাহিত্য বিশেষজ্ঞ আবদুল খালেকের পিএইচডি গবেষণার গ্রন্থিত রূপ। মধ্যযুগের বাংলা কাব্যে লোকজ সংস্কার, লোককথা, লোকজীবন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এতে। প্রকাশক অনুভব প্রকাশনী।

উনিশ শতকে বাংলার সাংস্কৃতিক জাগরণের সময় বাঙালি হিন্দু সমাজে কয়েকটি নতুন ধর্মমতের জন্ম হয়। হরিচাঁদ ঠাকুরের মতুয়া এর অন্যতম। মতুয়া ধর্ম নিয়ে স্বরোচিষ সরকারের লেখা বই ‘মতুয়া ধর্ম ও সংস্কৃতি’ বেরিয়েছে টাংগন প্রকাশনী থেকে। সাহিত্য কুটির বের করেছে দেশ-জাতি-সমাজ নিয়ে সাবেক সাংবাদিক মারুফ ইবনে মাহবুবের ভাবনার ফসল ‘আকাশের উল্টোপাশে-২’ এবং প্রশান্ত প্রলয়ের কবিতার বই ‘কবিতা অকবিতা না-কবিতা’।

গতকাল তথ্যকেন্দ্রে মেলার নতুন বই জমা পড়েছে ৮২টি। মেলায় এ পর্যন্ত মোট বই বেরিয়েছে ১ হাজার ৩৩৭টি।

অন্যান্য আয়োজন

মূলমঞ্চে সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসীকে নিয়ে আলোচনায় বাংলা একাডেমির কর্মকর্তা মোকারম হোসেন বলেন, প্রখ্যাত লোকসংগীতশিল্পী, সংগীত পরিচালক ও সুরকার আব্বাসউদ্দীন আহমদের পুত্র মুস্তাফা জামান আব্বাসী ছিলেন বাংলাদেশের সংগীত অঙ্গনের একজন মহিরুহ। তিনি লোকসংগীতকে সামনে তুলে আনতে সব সময় সচেষ্ট থেকেছেন। আলোচনায় অংশ নেন আশরাফুজ্জামান বাবু এবং সভাপতিত্ব করেন ওয়াকিল আহমদ। ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন আতাহার খান, ফজলুল হক তুহিন ও জামশেদ ওয়াজেদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল ‘বুলবুল ললিতকলা একাডেমী’, ‘বাঁশরী’, ‘অচিন পাখি’, ‘বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র’র পরিবেশনা। আজ শুক্রবার মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

নৌপথে ঈদযাত্রা: কেবিনে টিকিট সংকট ডেকে যাত্রী কম

শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও তাহেরকে উপনেতার স্বীকৃতি দিলেন স্পিকার

মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় বাতিল ৪৪৭ আন্তর্জাতিক ফ্লাইট

সংসদ অধিবেশন শুরু: প্রথম দিনেই সংসদে উত্তাপ

রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমন রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার: সংসদে শোকপ্রস্তাব

যেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, তাঁর ভাষণ নিয়ে স্ববিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আযম খানের, দায়িত্ব বাড়ল প্রতিমন্ত্রী হেলালের

শুনেছি, আদালতের রায় আসত গণভবন থেকে: প্রতিমন্ত্রী নুর

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার