মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র
বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি পাঁচটি দপ্তরের দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা আজ মঙ্গলবার এক পরিপত্রে এই তথ্য জানিয়েছে।
সরকারি অফিসে সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণ শিরোনামে পরিপত্রে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে।
এ ছাড়া অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে পরিপত্রে জানানো হয়েছে।
সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।