একসময় বলা হতো, বাঙালি কোনো যুবক কবিতা লেখেননি এমন হতে পারে না। তাঁদের মধ্যে সবাই না হোক, কেউ কেউ তো কবি হয়ে ওঠেন। আর বিক্রি যা-ই থাক, একসময় কবিতার বই বের হতো দেদার। এবার সংখ্যায় প্রকাশের শীর্ষে আছে কাব্যগ্রন্থই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র বলছে, এ পর্যন্ত কবিতার বই বেরিয়েছে পাঁচ শর বেশি, যা সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি।
বইমেলার স্টল ঘুরে দেখা গেছে, নতুন কবিদের পাশাপাশি পুরোনো প্রতিষ্ঠিত কবিদের বইও আছে স্টলে। নতুন করেও বের করা হয়েছে কোনো কোনো কাব্যগ্রন্থ। দিব্যপ্রকাশ এ বছর নিয়ে এসেছে হেলাল হাফিজের ‘যে জলে আগুন জ্বলে’র নতুন সংস্করণ। ১৯৮৬ সালে বইটি তারা প্রথমবার বের করে।
অয়ন প্রকাশনী থেকে বেশ কয়েকজন কবির বই প্রকাশিত হয়েছে। চলছেও খারাপ না। অয়ন প্রকাশনীর বিক্রয়কর্মী সুভা বলেন, ‘আমাদের ৪-৫টি কবিতার বই বেরিয়েছে। আজও দু-তিনটি আসবে। কবিতার বই খারাপ চলছে না।’
কবি ও জ্যেষ্ঠ সাংবাদিক হাসান হাফিজের বাছাই করা ১০০ কবিতা নিয়ে বেরিয়েছে ‘নির্বাচিত ১০০ কবিতা’। অন্যপ্রকাশ বের করেছে বইটি।
নালন্দা থেকে বেরিয়েছে কবি রাসেল আসাদের কবিতার বই ‘অনুসূর্যের উত্তাপ’। নারী অধিকার ও বৈষম্য তাঁর কবিতার মূল বিষয়।
অনন্যা বের করেছে কবি মতিন রায়হানের ‘কাটে দিন বসন্ততালাশে’। আগামী থেকে বেরিয়েছে কবি মোহন রায়হানের ‘ফিরিয়ে দাও সেই স্টেনগান’। চারু সাহিত্যাঙ্গন থেকে বেরিয়েছে সাইফুল ইসলামের ‘বসন্ত এক নরকের ঋতু’। ঝিঙেফুল বের করেছে সুভাষ চন্দের কবিতার বই ‘অনুরাগের ছোঁয়া’। এ ছাড়া বেরিয়েছে বিদেশি কবিতার অনুবাদও। জাভেদ আখতারের কবিতা অনুবাদ করেছেন সফিকুন্নবী সামাদী। বেরিয়েছে পাঞ্জেরী পাবলিকেশনস থেকে।
ছুটির দিন বলে মেলায় অন্যান্য দিনের তুলনায় গতকাল বেশি দর্শনার্থী ছিল। মেলাও ফুরিয়ে আসছে। তাই যারা এসেছে, তাদের বেশির ভাগের হাতেই ছিল বইয়ের ব্যাগ। চাঁদপুর থেকে এসেছেন শিক্ষক সবুজ চন্দ্র বর্মণ। বইয়ের টানে প্রতিবছরই বইমেলায় আসেন। তিনি বললেন, ‘কবিতা ভালো লাগে। আজ হেলাল হাফিজের কবিতার বই কিনলাম। প্রবন্ধও অবশ্য ভালো লাগে।’
মেলা ঘুরে বেছে বেছে বই কিনছিলেন গ্রাফিকস ডিজাইনার মোহাম্মদ ইশান। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘আমি গবেষণার বই কিনেছি। কিছু আছে স্বাস্থ্য নিয়ে। মেলা ভালো লাগছে। ভালো মানের কিছু বই এসেছে।’
গতকাল ছিল ছুটির দিন। শিশুপ্রহরে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে শিশু চত্বরে পুতুলনাচ দেখতে ভিড় করে অনেক শিশু। মেলার শেষ দিকে এসে শিলাবৃষ্টি হানা দেয়। সন্ধ্যা থেকেই ঝোড়ো হাওয়ার আভাস থাকায় প্রকাশকেরা মনে মনে তৈরি ছিলেন। অনেকেই আগেই বই স্টলের ভেতরে গুছিয়ে রাখেন।
নতুন বইয়ের খোঁজে
বিশিষ্ট শায়ের ও গজলকার এবং তাঁদের কাজ নিয়ে মোস্তাক আহমাদ দীনের বই ‘শের ও গজলের জগৎ’ এনেছে কথাপ্রকাশ। গজলের আদিপুরুষ অষ্টম শতকে জন্মগ্রহণকারী পারস্য কবি রুদাকি থেকে শুরু করে বিশ শতকের কবি কায়ফি আজমির জগৎ উঠে এসেছে বইটিতে।
কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের বেশ কিছু গল্প নিয়ে নাটক বানিয়েছেন অভিনেতা ও পরিচালক আবুল হায়াত। রাবেয়া খাতুনের সাতটি গল্প ও তাঁর চিত্রনাট্য নিয়ে অন্যপ্রকাশ বের করেছে ‘যুগলবন্দী’ নামে একটি বই।
তথ্যকেন্দ্র বলছে, গতকাল নতুন বই জমা পড়েছে ২৭৭টি।
অন্যান্য আয়োজন
গতকাল সকালে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। বিকেলে বদরুদ্দীন উমর স্মরণে আলোচনায় ফিরোজ আহমেদ বলেন, বদরুদ্দীন উমরের উনিশ শতক নিয়ে প্রবল আগ্রহ ছিল। কারণ, তিনি উনিশ শতকে গড়ে ওঠা এখানকার মধ্যবিত্তের সংকটকে বুঝতে চেয়েছেন। দেশভাগ নিয়ে তাঁর আগ্রহ ছিল; কারণ, আরও অনেক কিছুর সঙ্গে তা পরবর্তীকালের রাজনৈতিক গতিপথকে বহুভাবে প্রভাবিত করেছে।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সুমন রহমান। ‘লেখক বলছি’ অনুষ্ঠানে আলোচনা করেন নাসির আলী মামুন ও মোহন রায়হান। সাংস্কৃতিক আয়োজনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পরিবেশনা।
আজ শনিবার মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১-১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।