বৈরী আবহাওয়ার প্রতিবন্ধকতা মোকাবিলা করে টার্মিনালে এলএনজি কার্গো যুক্ত হওয়ার পর দেশে গ্যাস সরবরাহ আবার বেড়েছে।
আজ শুক্রবার পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, বেলা ২টায় দুটি এলএনজি টার্মিনাল থেকে মোট ৯১৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়া যাচ্ছিল। এতে সামগ্রিক সরবরাহ দাঁড়িয়েছে ২ হাজার ৫২৫ মিলিয়ন ঘনফুটে।
এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়া থেকে আসা টোটাল এনার্জির একটি এলএনজি কার্গো বৈরী আবহাওয়ার কারণে সামিটের টার্মিনালে নোঙর করতে পারছিল না। প্রায় ২৪ ঘণ্টায় তিনবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এলএনজি সরবরাহ ঘণ্টায় ৬০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে যায়। এতে জাতীয় সঞ্চালন লাইনেও সরবরাহ ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে, যা এর আগে প্রায় ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট ছিল।
পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, আজ শুক্রবার সকালের দিকে কার্গোটি সামিটের টার্মিনালে যুক্ত হতে সক্ষম হয়েছে। এর পর থেকে ধীরে ধীরে এলএনজি সরবরাহ বাড়ানো গেছে।