বাংলাদেশে ডাচ বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেছেন, আগামী সপ্তাহে ১৪টি ডাচ কোম্পানির একটি বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা বিশেষ করে সামুদ্রিক খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে।
আজ সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ ’-এর তৃতীয় দিনের একটি অধিবেশনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানি ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন ও বঙ্গোপসাগরের টেকসই ব্যবহারে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা—টেকসই উন্নয়নের জন্য এসব বিষয় পরস্পরের সঙ্গে সম্পর্কিত।
জোরিস ভ্যান বোমেল বলেন, কার্যকর পানি ব্যবস্থাপনার জন্য সমন্বিত পরিকল্পনা, কারিগরি দক্ষতা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং সরকার ও জনগণের মধ্যে সহযোগিতা প্রয়োজন। নেদারল্যান্ডস পানি ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন ও টেকসই কৃষিতে বাংলাদেশের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে সহযোগিতা করতে পারে।
আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নদীর পানি ব্যবস্থাপনায় একাধিক দেশের স্বার্থ জড়িত। তাই নদী অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। আন্তর্জাতিক পানি আইন ও কূটনীতি বিষয়ে বাংলাদেশের কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতেও নেদারল্যান্ডস কাজ করছে বলে জানান তিনি।
বঙ্গোপসাগরকে আঞ্চলিক বাণিজ্য, সামুদ্রিক যোগাযোগ, মৎস্য, জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন ডাচ রাষ্ট্রদূত। তবে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সামুদ্রিক দূষণ ও পরিবেশের ওপর চাপ বঙ্গোপসাগরের জন্য বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।
জোরিস ভ্যান বোমেল বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সামুদ্রিক যোগাযোগ, উপকূলীয় সহনশীলতা, টেকসই মৎস্য ব্যবস্থাপনা ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষা জোরদার করা সম্ভব। ভারত মহাসাগরীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তার প্রতিও গুরুত্ব দিতে হবে।
টেকসই উন্নয়নের জন্য কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আইনের শাসন, স্বচ্ছতা ও শক্তিশালী প্রতিষ্ঠান নাগরিক, ব্যবসা এবং আন্তর্জাতিক অংশীদারদের আস্থা বাড়ায়। জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও সামুদ্রিক নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
জোরিস ভ্যান বোমেল বলেন, পানি ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন, টেকসই কৃষি, সামুদ্রিক উন্নয়ন ও বাণিজ্যে বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা আরও গভীর করা প্রয়োজন।