কর ব্যবস্থাকে সরকার স্বচ্ছ ও আধুনিক করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানান, প্রস্তাবিত বাজেটের কয়েকটি বিষয়ে ভ্যাট কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ সোমবার জাতীয় সংসদে এবারের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ভ্যাট কমানোর প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘নরমালি দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হলেও মানসিকভাবে ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই।’
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়ের আয়কর অব্যাহতি সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য ৩ লাখ ৭৫ হাজার ও ২০২৮-২৯, ২৯-৩০ অর্থবছরের জন্য ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। ব্যক্তিগত করদাতাদের করহার কিছুটা লাঘব করে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। সে কারণে ২০২৬-২৭ ও ২৭-২৮ কর বছরের জন্য ৪ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২৯-৩০ কর বছরের জন্য ৪ লাখ ৫০ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৫ লাখ টাকা করার জন্য অর্থমন্ত্রীকে প্রস্তাব করছি।
প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন বিধান নিয়ে জনমনে উদ্বেগ আমরা লক্ষ্য করছি। দেশে অনেকেই প্রকৃত মূল্যে জমি নিবন্ধন করেন না। মৌজা মূল্যে জমি নিবন্ধন করেন। এ কারণে প্রকৃত ক্রয়মূল্য না দেখানোর জন্য করদাতাদের ঝামেলা পোহাতে দেখি। করদাতাদের ঝামেলামুক্ত করার জন্য এ বিধানটি প্রস্তাব করা হয়েছিল। দুর্ভাগ্যবশত কেউ কেউ এটাকে কালোটাকা সাদা করার সুযোগ বলে ব্যাখ্যা দিচ্ছেন। জনগণের প্রতি শ্রদ্ধা রেখে প্রস্তাবিত বিধানটিকে প্রত্যাহার করার জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।