শেখ হাসিনাকে ফেরতে ভারতের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে বলে সম্প্রতি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা উড়িয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এমন কোনো শর্ত নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনাই হয়নি।
সম্প্রতি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে ফেরতে ভারতের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, তাঁকে সেনাবাহিনীর এয়ারক্রাফটে করে ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্তটা হলো, শেখ হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়—বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
‘দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন’ এমন সূত্রের বরাতে বিবিসি বাংলা প্রতিবেদনটি প্রকাশ করেছিল। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনাই হয়নি। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকেরা জানতে চান, শেখ হাসিনাকে ফেরতে ভারতের পক্ষ থেকে আপিলের সুযোগসহ দুটি শর্ত দেওয়া হয়েছে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ভারতের পক্ষ থেকে আসলেই এমন কোনো শর্ত দেওয়া হয়েছে কি না—জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে একাধিকবার ভারতকে চিঠি পাঠানো হয়েছে।
ট্রাভেল পাস বা অন্য উপায়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিকল্প সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, চুক্তিই তো রয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ব্যবহার হবে না কেন? যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে ভারত সরকারের এই চুক্তির সুবিধা নিয়ে আইনগত সহায়তা করা উচিত।
শেখ হাসিনাকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় টানাপোড়েনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শেখ হাসিনার ব্যক্তিস্বার্থের চেয়েও অনেক বড় এবং ব্যাপক। সীমান্ত, নদী ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।
তথ্যসূত্র: বাসস