হোম > জাতীয়

ধানমন্ডি লেকের উন্নয়নে ৭৫ কোটি টাকার প্রকল্প: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ধানমন্ডি লেকের সৌন্দর্য বৃদ্ধি ও পানিদূষণ রোধে ৭৫ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রকল্পটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাজ শুরু করেছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, ধানমন্ডি লেকটি ১০০ বছরের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে। লেকটির সৌন্দর্য বৃদ্ধি ও পানি দূষণমুক্ত করতে ৭৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা শহরের পয়োবর্জ্য পরিশোধনের জন্য আরও এক হাজার কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে গুলশান, ধানমন্ডি, বারিধারা ও বনানী এলাকার পয়োবর্জ্য পাইপলাইনের মাধ্যমে দাশেরকান্দি শোধনাগারে নেওয়া হবে। সেখানে পরিশোধনের পর পানি নদীতে ছাড়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের পাঁচটি নদী দূষণমুক্ত করা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যথাক্রমে ২৯ ও ২৬টি খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে ১০টি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি কয়েক দফা বৈঠক করেছে। নদীগুলো পরিদর্শন করে প্রধানমন্ত্রীকে প্রতিবেদনও দিয়েছে।

এ ছাড়া হাতিরঝিল, ধানমন্ডি, বারিধারা ও বনানী লেকের উন্নয়নে রাজউক প্রকল্প নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এর আগে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় উদ্বেগ জানান। তিনি সেচে পানির অপচয় কমানো এবং বিকল্প পানির উৎস ব্যবহারে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। চার বছর মেয়াদি এ প্রকল্পে খাল ও জলাধার সংরক্ষণ এবং পানি সরবরাহব্যবস্থার উন্নয়নের কাজ রয়েছে।