স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ১ ডিসেম্বর থেকে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করবে সরকার। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১ ডিসেম্বর এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। কর্মসূচির আওতায় সারা দেশে জন্মনিরোধক সামগ্রী সরবরাহ করা হবে। আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলোয় প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং চিকিৎসা প্রোটোকল অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যক্রম পরিচালনা করছে। তাই ডেঙ্গু চিকিৎসায় সরকার ব্যর্থ—এমন অভিযোগ সঠিক নয়।
এদিকে ক্যানসার চিকিৎসা আরও সহজলভ্য করতে চলতি অর্থবছরে ১৭টি রেডিওথেরাপি মেশিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
এর মধ্যে ছয়টি ঢাকার হাসপাতালগুলোয় এবং ১১টি ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হবে। ক্যানসার রোগীদের উন্নত অস্ত্রোপচার সুবিধা দিতে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন কেনার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।