হোম > জাতীয়

আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদে আইসিটিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের অনিয়ম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে চারটি প্রতিষ্ঠানের ৬১ জন কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ জন কনসালট্যান্টের চুক্তি বাতিল এবং ১৭ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এ ছাড়া দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে এসব তথ্য জানান আইসিটিমন্ত্রী ফকির মাহবুব আনাম। স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

জবাবে মন্ত্রী জানান, ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের আলোকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড ও এটুআই প্রকল্পের কর্মকর্তা-কনসালট্যান্টদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ১৯ জন কনসালট্যান্টের চুক্তি বাতিল করা হয়েছে এবং ১৭ জন স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া এটুআই প্রকল্পের ১৪ জন কর্মকর্তা ও কনসালট্যান্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান তদন্তে আইসিটি বিভাগ পূর্ণ সহযোগিতা করছে বলে জানান মন্ত্রী।

আইসিটিমন্ত্রী আরও বলেন, গত দেড় দশকে আইসিটি বিভাগের নেওয়া বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করে অপ্রয়োজনীয় কার্যক্রম বাদ দিয়ে প্রকল্পগুলোর পরিধি পুনর্নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকল্প পরিচালকসহ কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন ও পুনর্বণ্টন করা হয়েছে। প্রকল্পের ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা আনতে নিবিড় পরিবীক্ষণও করা হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য আরিফা সুলতানের প্রশ্নের জবাবে আইসিটিমন্ত্রী বলেন, হাই-টেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্কগুলোকে গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

এর মধ্যে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে ৯০টি সেবা ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হচ্ছে। আইটি ও আইটিইএস কোম্পানির জন্য কর অবকাশ, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ কাস্টমস ডিউটি এবং বিদ্যুৎ ও পানি ব্যবহারে ১০০ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন স্টার্টআপ ও ফ্রিল্যান্সারদের এক বছরের জন্য ইন্টারনেট ও শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ওয়ার্কস্টেশন বিনা মূল্যে দেওয়া হচ্ছে।

বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে চারটি মোবাইল অপারেটরের মোট গ্রাহকসংখ্যা ১৯ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৫৪৬।

এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৭১ লাখ ৬০ হাজার ৯২৪, রবির ৫ কোটি ৯২ লাখ ৩৩ হাজার ৬৫, বাংলালিংকের ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৬৭ এবং টেলিটকের ৬৯ লাখ ২৫ হাজার ৪৯০।