হোম > জাতীয়

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব ঘটনার কারণে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমনটা বলা যৌক্তিক নয়। তাঁর অভিযোগ, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা তাদের সহযোগীদের সক্রিয় করতে সীমান্তের ওপার থেকেও ইন্ধন দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উদ্বেগ প্রকাশকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন জানান, বিরোধী দল হিসেবে ব্যর্থ হতে না চাওয়ার যে অবস্থান শফিকুর রহমান তুলে ধরেছেন, সেটিকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। সরকার সব সময় বিরোধী দলের সক্রিয়তা ও সহযোগিতা চায়। আগেও এ সহযোগিতা পাওয়া গেছে বলে জানান তিনি।

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার পেছনে পতিত ফ্যাসিস্ট শক্তির ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তবে কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু চক্রান্ত পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকে হচ্ছে, এটা দৃশ্যমান।

দেশের ভেতরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের সহযোগীরা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু দেশের ভেতরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরেরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এর পেছনে ইন্ধন আছে সীমান্তের ওপার থেকে।

দেশ ছেড়ে পালিয়ে গিয়ে যাঁরা সীমান্তের ওপারে আশ্রয় নিয়েছেন, তাঁদের সেখানে থাকার আইনি বৈধতা এবং সেখান থেকে রাজনৈতিক তৎপরতা চালানোর বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

দেশের ভেতরে কারা এসব কর্মকাণ্ডে জড়িত ও কারা ইন্ধন দিচ্ছেন, তা প্রকাশ করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সম্মিলিত ষড়যন্ত্রের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে তা প্রমাণসহ সামনে আনা হবে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের প্রধানতম রপ্তানি খাত, বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প, এই শিল্পে অস্থিরতা, অস্থিতিশীলতা এবং অরাজকতা সৃষ্টির জন্য একটা নীলনকশা প্রণয়ন করা হয়েছে দেশের বাইরে থেকে এবং ভেতরে অনেক বিনিয়োগ করা হয়েছে। তবে সরকার সফলভাবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। উসকানির মুখেও অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি। কোনো কোনো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেরাই আহত হয়েছেন বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানি দিয়ে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল, যাতে তারা অতিরিক্ত বল প্রয়োগ করে। এরপর সেই ঘটনাকে কাজে লাগিয়ে দেশে আরও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সচেতনভাবে সেটার সুযোগ দিইনি। আমরা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করিনি।’

পোশাকশিল্পের প্রধান কেন্দ্র গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কিছু এলাকায় শিল্প পুলিশ, সাধারণ পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে জানান মন্ত্রী। কারখানায় উৎপাদন চালু রাখা, রপ্তানি কার্যক্রম সচল রাখা ও শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, শিল্পমালিক, শ্রমিক সংগঠনের নেতা ও বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে সরকার। তাঁরা সবাই সহযোগিতা করেছেন বলেও দাবি করেন তিনি।

তবে কিছু উসকানিদাতা ও পতিত ফ্যাসিবাদের সহযোগীদের মধ্যে কয়েকজন কারখানার মালিকও রয়েছেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের মাধ্যমে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হয়েছে বলে জানান তিনি। পোশাকশিল্পের মালিক, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে শিল্পবান্ধব সমস্ত পরিবেশ আমরা নিশ্চিত করব, কোনো রকমের অস্থিরতা আমরা এখানে করতে দেব না।’

কেউ শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগ ও উৎপাদনের পরিবেশ সচল রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে বিরোধী দলের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করার কথাও জানান তিনি।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এলাকায় তিনজনের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য একজন পালিয়ে গেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব ঘটনার বিস্তারিত তথ্য নিয়ে সংসদে বিবৃতি দেওয়ার কথাও বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, রাতে ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের কারণে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। একইভাবে রাতে বা ভোরে চালক ও সহকারী না থাকা পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকেও সামগ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতার প্রমাণ হিসেবে দেখতে নারাজ তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুতরাং, এই দুই-একটা সিম্বলিক ঘটনাকে একত্র করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক নয়।’

সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের একটি কর্মসূচি আজও ছিল বলে জানান তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মসূচির প্রচার দেখা গেলেও রাজপথে তার প্রতিফলন নেই বলে মন্তব্য করেন তিনি।

দেশে হত্যাকাণ্ডের সংখ্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রকাশিত একটি সংবাদ নিয়েও সংসদে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি পত্রিকার প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, সেখানে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের তথ্য দেওয়া হয়েছে। পুলিশের ওয়েবসাইট থেকে তথ্য নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই পরিসংখ্যানের সত্যতা নিয়ে আপত্তি না থাকলেও আগের বছরের সঙ্গে তুলনা না করায় পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আগের বছরের তুলনামূলক পরিসংখ্যান না দিয়ে উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, ‘আমি তো ডেটা নিয়ে কথা বলব, যে ওয়েবসাইটে তিনি উল্লেখ করেছেন, সেই একই ওয়েবসাইট নিয়ে কথা বলব এবং সেটা আমি এখানে ডেলিভার করব।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আবারও কথা বলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সালাহউদ্দিন তাঁর বক্তব্যে ‘পতিত ফ্যাসিবাদ’ শব্দটি ব্যবহার করায় আপত্তি জানান তিনি। শফিকুর রহমান বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনার বক্তব্যের সূচনায় বলেছেন পতিত ফ্যাসিবাদ। আমি উনাকে অনুরোধ করব, আর উনি পতিত বলবেন না। ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত ফ্যাসিবাদ। ওরা প্রতিষ্ঠিত ফ্যাসিবাদ ছিল।’

এরপর সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার অভিযোগের প্রসঙ্গ তুলে সীমান্তে নজরদারি জোরদারের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘আমাদের বর্ডার সার্ভেইল্যান্সটা যেন স্ট্রং হয়।’

সীমান্ত পেরিয়ে কোনো দুষ্কৃতকারী যাতে দেশে এসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান শফিকুর রহমান।