মাগুরার আলোচিত শিশুধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের শুনানি আজ মঙ্গলবার হাইকোর্টে শুরু হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এই শুনানি শুরু হয়।
প্রথম দিনে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে উপস্থাপন করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির জন্য গত ১০ জুন হাইকোর্টের এই বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। ১৪ জুন থেকে এই বেঞ্চের কার্যক্রম শুরু হয়। বিচারিক আদালতের রায়ের এক বছর তিন মাস পর এই মামলায় ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শুরু হলো।
গত বছরের মার্চে মাগুরা সদর উপজেলায় বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। আট দিন হাসপাতালে অচেতন থাকার পর গত বছরের ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যু হয় শিশুটির। তার মৃত্যুর পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
গত বছরের ৮ মার্চ শিশুটির মা চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলায় দ্রুত বিচার শেষে গত বছরের ১৭ মে রায় দেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
রায়ে শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়। এরপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার রায়সহ যাবতীয় নথি গত বছরের ২১ মে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়।
হিটু শেখ বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে গত বছরের ২৫ জুন হাইকোর্টে আপিল করেন। গত বছরের ১ জুলাই শুনানি শেষে আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। চলতি বছরের ৮ জুন ডেথ রেফারেন্স মামলার পেপারবুক প্রস্তুত হয়ে বিজিপ্রেস থেকে হাইকোর্টে আসে।
আরও পড়ুন: