আগের সরকারের সময়ে পুলিশে ‘দলীয় ভিত্তিতে’ নিয়োগের অভিযোগে চলা তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্ত শেষ হলে তথ্য প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক জানতে চান, আগের ১৭ বছরে ‘দলীয়ভাবে’ পুলিশে নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে কি না। একই সঙ্গে বিভিন্ন আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রের সংখ্যাও জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দলীয় ভিত্তিক নিয়োগ যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সে জন্য আমরা তদন্ত পরিচালনা করছি। সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। তদন্তে কয়েকটি জেলায় পুলিশ নিয়োগে অনিয়মের তথ্য পাওয়া গেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখা গেছে কয়েকটি জেলায় হাজার হাজার পুলিশ কনস্টেবল, এসআই এবং অন্যান্য পদবির লোকজন নিয়োগকৃত হয়েছে বিগত সরকারের আমলে।
সালেহউদ্দিনের দাবি, সংশ্লিষ্ট জেলার বাসিন্দা না হয়েও অনেকে জেলা কোটার সুবিধা নিতে স্থায়ী ঠিকানা বদলেছেন।
মন্ত্রী বলেন, ‘যেখানে ডিস্ট্রিক্ট কোটায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই জেলার মানুষ তিনি নন, সেই জেলায় গিয়ে বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং কিশোরগঞ্জ, এরকম চার-পাঁচটি জেলা আইডেনটিফাই করা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একখণ্ড জমি কিনে তার ওখানে গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছে। এভাবে অনেক অনিয়মের মাধ্যমে তারা পুলিশের জনবল নিয়োগ দিয়েছে বিগত সরকারের সময়। তদন্ত শেষ হলে এসব তথ্য প্রকাশ করা হবে।’
সালাহউদ্দিন বলেন, ‘আমরা তদন্ত করে একটা পর্যায়ে এসেছি। সেটা যখন ফাইনাল হবে, আমরা জাতির সামনে উন্মুক্ত করব।’