পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তা এবং দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত স্বজনদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।
আজ বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন জানায়, কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।
হেল্পলাইনের মাধ্যমে বাংলাদেশ উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
যোগাযোগের নম্বর: মোবাইল: +৯১ ৮২৭৪৮২১৩৫২ এবং হোয়াটসঅ্যাপ: +৮৮০১৭১৭২৯১২৬৬ ও +৯১৯৯০৩৪২৬১১৯
আজ বুধবার ভোরের এ ঘটনায় নিহত নয়জনের মধ্যে পাঁচজনই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি, তবে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।
বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। ইতোমধ্যেই উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।