হোম > জাতীয়

পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপি এমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া। ফাইল ছবি

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নওগাঁ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য একরামুল বারী টিপু।

আজ সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া নোটিশে তিনি এ দাবি জানান। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

নোটিশে একরামুল বারী টিপু বলেন, ১৯৮২ সালে স্বৈরশাসক এইচ এম এরশাদ গণতন্ত্র হরণ করার পর দীর্ঘ নয় বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। পরবর্তী সময়েও দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই তা পুনরুদ্ধারে তাঁকে দায়িত্ব নিয়ে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।

বিএনপির এই সংসদ সদস্য বলেন, ১৯৯১ সালের সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে খালেদা জিয়া দেশে সংসদীয় ব্যবস্থা চালু করেছিলেন। বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

একরামুল বারী টিপু বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। ছয় বছর জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন। বিনা চিকিৎসায় কারারুদ্ধ থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

একরামুল বারী টিপু বলেন, খালেদা জিয়ার এসব অবদান জাতির সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বিগত স্বৈরশাসনের সময়ে বারবার ইতিহাস বিকৃত করা হয়েছে। তাই ইতিহাসকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত।

বাতিল হওয়া বিআরটি প্রকল্পকে তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা লোটার প্রকল্প বলে উল্লেখ করেছেন এনসিপির রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও দলটির সদস্যসচিব আখতার হোসেন। ৭১ বিধিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রকল্পটির ব্যয় বৃদ্ধি, অর্থ ব্যয়, নকশা প্রণয়ন, পরামর্শক নিয়োগ ও ঠিকাদারি কার্যক্রমের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী, আমলা, প্রকল্প কর্মকর্তা, পরামর্শক ও ঠিকাদারদের দায় নির্ধারণ এবং দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্ত ও ক্ষতিপূরণ আদায়ে সরকারের নেওয়া কার্যক্রম জাতীয় সংসদকে জানাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আখতার হোসেন।

উল্লেখ্য, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নেওয়া হয় ২০১২ সালে। যানজট কমিয়ে দ্রুত গণপরিবহন চালুর লক্ষ্যে নেওয়া প্রকল্পটি ২০১৬ সালের মধ্যে শেষ করার কথা ছিল। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা। তবে নানা জটিলতা ও দীর্ঘসূত্রতায় পাঁচ দফা সময় বাড়ানোর পাশাপাশি কয়েক দফা ব্যয় সংশোধন করা হয়। এতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ৪ হাজার ২৬৮ কোটি টাকা। প্রায় ২ হাজার ৮১১ কোটি টাকা খরচ হলেও নির্ধারিত বিআরটি সেবা চালু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ২০২৬ সালের ১৮ অক্টোবর সরকার প্রকল্পটি বাতিল করে বিআরটি করিডরকে ছয় লেনের সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেয়।