• ঢাকাসহ অন্তত ১০ জেলায় নাশকতার ঘটনা ঘটেছে
• বাস-ট্রেন, বিদ্যুৎকেন্দ্র ও নেতাদের বাড়িতে হামলা-আগুন
• পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে সহিংসতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ধারণা, ডিসেম্বর সামনে রেখে দলটির কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হবে।
আজ রোববার ও আগামীকাল সোমবার ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির আগে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ অন্তত ১০টি জেলায় নাশকতার ঘটনা ঘটে। কোথাও আগুন দেওয়া হয়েছে বাস-ট্রেনে, কোথাও পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র, রাজনৈতিক নেতাদের বাড়িতে। হামলার লক্ষ্যবস্তু হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ ব্যারাকও।
রাজধানীর মালিবাগ, মগবাজার ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির কয়েকটি আসন ও জানালা পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন-মালিকেরা। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় গতকাল বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে বিকল্প হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।
২০২৪ সালে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর এক মাসের বেশি সময় ধরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে
সহিংসতার ঘটনা ঘটছে। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কাশিয়ানীসহ কয়েকটি এলাকায় ব্যাপক সহিংসতা হয়। জেলার দুই থানা ও বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়। নড়াইলের কালিয়ায় বিএনপির দুই কর্মীকে হত্যার পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মাঝের কয়েক দিন বোমা বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা কমলেও নতুন কর্মসূচি ঘিরে আবারও সহিংসতা শুরু হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকার সাতটি স্থানে বোমা বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা বদ্ধপরিকর, দেশে যেকোনো রকমের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারাকে আমরা নস্যাৎ করে দেব।’ সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা এবং শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির পাঁয়তারা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ৮ নভেম্বর থেকে ঢাকা, গাজীপুর, চট্টগ্রামসহ ১৩ জেলায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ২১৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হন।
পুলিশের হিসাবে, এ সময় ককটেল ও বোমা বিস্ফোরণের ১২১টি এবং যানবাহনে অগ্নিসংযোগের ৯৯টি ঘটনা ঘটেছে। একই সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। পুলিশের স্থাপনা ও গাড়িতে হামলা এবং ককটেল নিক্ষেপের ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামরুন নাহার মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি, টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বিশেষ নজরদারি করা হচ্ছে।
ঢাকার সাভার ও আশুলিয়ায় শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তিনটি বাসে আগুন দেওয়া হয়। এগুলোর মধ্যে আশুলিয়ার বলিভদ্র এলাকায় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সামনে এবং নরসিংহপুরে নারী ও শিশু হাসপাতালের সামনে দুটি বাসে আগুন লাগে। অন্য বাসটিতে আগুন লাগে সাভারের ব্যাংকটাউন এলাকায়। তিনটি বাসই পুড়ে গেছে। পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশ্যে এসব বাসে আগুন দেওয়া হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা আরাফাত পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। এতে বাসটির পেছনের অংশ এবং কয়েকটি আসন পুড়ে যায়।
চাঁদপুর কোর্ট স্টেশনে শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগে। এতে দুটি আসন পুড়ে যায়। ট্রেনের কর্মচারী এবং স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ৮ থেকে ১০ জনের একটি দল উপকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপের পাশাপাশি তিনটি গুলি ছোড়ে। একটি বোমা বিস্ফোরিত হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। আগের রাতেও সেখানে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল। এ ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে শুক্রবার রাতে একটি ককটেল নিক্ষেপ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেলটি পাশের পৌর মার্কেটের ছাদে বিস্ফোরিত হয়। তবে পুলিশ ঘটনাস্থলে বিস্ফোরণের কোনো আলামত পায়নি। বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের পটিয়ায় শনিবার ভোরে গ্রামীণ ব্যাংকের পিংগলা শাখার প্রধান ফটক লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে মুখোশধারীরা। এতে ফটকে আগুন ধরে গেলেও নৈশপ্রহরী ফায়ার স্প্রে দিয়ে তা নিভিয়ে ফেলেন। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট-৩ আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য এম এ মালিকের দক্ষিণ সুরমার বাসভবন লক্ষ্য করে শনিবার ভোরে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বাসার টিনের চালের ওপর পড়া বোমা নিরাপত্তাকর্মীরা দ্রুত নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশের ভাষ্য, পিকআপে থাকা দুই ব্যক্তি বোমা নিক্ষেপ করে পালিয়ে যান।
গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লার বাড়িতে গতকাল সকালে অগ্নিসংযোগ করা হয়। তাঁকে গ্রেপ্তারের এক দিন পর এ ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবসহ মালপত্র পুড়ে গেছে। পরিবারের দাবি, আগুন দেওয়ার আগে বাড়িতে লুটপাট চালানো হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বাড়ির একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
নাটোর শহরের বলারীপাড়ায় শনিবার ভোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভের একাংশ পুড়ে গেছে। একই রাতে মেহেরপুরের গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে দুটি বাড়ির গেটে ককটেল নিক্ষেপ করা হয়। এতে কেউ হতাহত হয়নি।