দেশে সম্প্রতি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নির্ধারণ ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আবদুল বাতেন, হাসনাত আবুল্লাহ ও মোহাম্মদ আবুল হাসান।
কমিটি সূত্র বলছে, আমদানি নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে মন্ত্রণালয়কে কমিটি সুপারিশ করেছে। সদস্যদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রাখার সক্ষমতা নেই—যাতে কয়েক মাসের সংকট মোকাবিলা করা যায়। আমদানি নিয়মিত থাকায় সংকট হয়নি, কিন্তু যুদ্ধের কারণে জ্বালানিবাহী জাহাজ অনিয়মিত আসায় সংকট তৈরি হয়েছে। এ কারণে মজুতে ঘাটতি দেখা দেয়, তাই জ্বালানি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার পরে চাহিদামতো সরবরাহ করা যায়নি।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানির সার্বিক বিষয় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর পর্যালোচনা করা হয় এবং কমিটির সদস্যরা তাঁদের মতামত দেন। কমিটি পরে আরও মিটিং করে প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়।
জানতে চাইলে কমিটির সদস্য আবদুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক কিছু কথাবার্তা হয়েছে। আমরা কিছু পরামর্শ দিয়েছি। আমরা কিছু প্রশ্ন করেছিলাম, তার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে আগামী বৈঠকে উপস্থাপন করা হবে। তবে, বৈঠকে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপে আমরা সন্তোষ প্রকাশ করেছি। বর্তমানে কোনো সংকটের আশঙ্কা নেই বলে আমাদের জানানো হয়েছে। এ ছাড়া আগামী দিনের জন্য কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।’