হোম > জাতীয়

অতিরিক্ত আইজি হলেন পাঁচজন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজি গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগের পরিচালক (ডিআইজি) মো. সাইয়েদুর রহমান; ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে থাকা মো. মাইনুল হাসান; গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার; পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেন (যিনি বর্তমানে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন) ও পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।