• দুই দিন টানা বৈঠকেও দুই পক্ষে আপস হয়নি।
• মালিকপক্ষ ন্যূনতম ১৫ হাজার ৭০০ টাকা বলেছে।
• শ্রমিকের দাবি কমে নেমেছে ২২ হাজার টাকায়।
• রাতের মধ্যেই চূড়ান্ত হওয়ার প্রত্যাশা বোর্ডের।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণে টানা দ্বিতীয় দিনের বৈঠকে দর-কষাকষির অংশ হিসেবে তৃতীয় দফা প্রস্তাব জমা পড়েছে মজুরি বোর্ডে। এসব প্রস্তাবে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবিত বেতনের অঙ্কের ব্যবধান ধীরে ধীরে কমেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় নির্ধারিত আলোচনা শুরু হয়। গতরাতের মধ্যে একটি ঐকমত্যে আসার প্রচেষ্টার কথা জানিয়েছিলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
গতকাল দুপুরের বৈঠকে উভয় পক্ষ তৃতীয়বারের মতো প্রস্তাব জমা দেয়। সেখানে মালিকপক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৭০০, তৃতীয় গ্রেডে ১৬ হাজার ৯৯৬ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৭ হাজার ৮৮৭ টাকা এবং প্রথম গ্রেডে ১৮ হাজার ৮২৮ টাকা ন্যূনতম বেতনের প্রস্তাব করে। বিপরীতে শ্রমিকপক্ষ আগের দাবি থেকে আরেক ধাপ পিছিয়ে চতুর্থ গ্রেডে ২২ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ২৭ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৩০ হাজার টাকা
এবং প্রথম গ্রেডে ৩৫ হাজার টাকা প্রস্তাব করে।
এ নিয়ে আলোচনার একপর্যায়ে বিকেলে সামগ্রিক অগ্রগতি জানাতে গণমাধ্যমের সামনে আসেন মজুরি বোর্ডের সদস্যরা। সেখানে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘চূড়ান্ত ফলাফল পাওয়ার আগপর্যন্ত আলোচনা চলবে। দুই পক্ষেরই প্রস্তাব, পাল্টা প্রস্তাব এবং পর্যালোচনা চলছে। দুই পক্ষের তৃতীয়বারের মতো প্রস্তাব আমাদের হাতে এসেছে। চতুর্থবারের মতো প্রস্তাব আসবে এবং সেখান থেকে চূড়ান্ত ফলাফল বের হবে বলে আশা রাখি। উভয় পক্ষের পাল্টাপাল্টি যুক্তি, অর্থনীতির বিভিন্ন সূচক, বৈশ্বিক বাজার পরিস্থিতির আলোকে আলোচনা চলবে। রাতের মধ্যেই ফলাফল চূড়ান্ত করার চেষ্টা থাকবে বোর্ডের।’
শ্রমিকপক্ষ আগে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি হিসেবে চারটি গ্রেডের জন্য ভিন্ন ভিন্ন প্রস্তাব জমা দিয়েছিল। গত সোমবার সেগুনবাগিচায় বোর্ডের দপ্তরের বৈঠকে প্রথমবারের মতো নতুন ন্যূনতম মজুরির প্রস্তাব করে মালিকপক্ষ। সেখানে চতুর্থ গ্রেডের জন্য ১৫ হাজার টাকা, তৃতীয় গ্রেডের জন্য ১৬ হাজার ১১০ টাকা, দ্বিতীয় গ্রেডের জন্য ১৬ হাজার ৯৫০ টাকা এবং প্রথম গ্রেডের জন্য ১৭ হাজার ৮৫০ টাকা প্রস্তাব করা হয়। শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাবে চতুর্থ গ্রেডের জন্য ৩২ হাজার টাকা, তৃতীয় গ্রেডের জন্য ৩৮ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডের জন্য ৪৩ হাজার টাকা ও প্রথম গ্রেডের জন্য ৪৮ হাজার টাকার প্রস্তাব ছিল।
প্রথম প্রস্তাবে সমঝোতা না হওয়ায় মজুরি বোর্ডে দ্বিতীয়বারের মতো প্রস্তাব দেয় উভয় পক্ষ। সেখানে মালিকপক্ষ চতুর্থ গ্রেডে ৫০০ টাকা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা, তৃতীয় গ্রেডে ৫৪০ টাকা বাড়িয়ে ১৬ হাজার ৬৫০ টাকা, দ্বিতীয় গ্রেডে ৩০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার ২৫০ টাকা এবং প্রথম গ্রেডে ৩০০ টাকা বাড়িয়ে ১৮ হাজার ১৫০ টাকা প্রস্তাব করে। আর শ্রমিকপক্ষ তাদের আগের অবস্থান থেকে সরে চতুর্থ গ্রেডে এক ধাপে ৭ হাজার টাকা কমিয়ে ২৫ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৮ হাজার টাকা কমিয়ে ৩০ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৮ হাজার টাকা কমিয়ে ৩৫ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ৮ হাজার টাকা কমিয়ে ৪০ হাজার টাকা প্রস্তাব করে। এসব প্রস্তাবের ওপর সোমবার রাত ৯টা পর্যন্ত আলোচনা চলার পর বৈঠক মুলতবি হয়। গতকাল দুই পক্ষ আবার বৈঠকে বসে।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
সেই হিসাবে পোশাক খাতের বর্তমান ন্যূনতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে। ২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এ ক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। তবে অঙ্ক নিয়ে মতপার্থক্য থাকলেও আগামী ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর এবং জানুয়ারি মাসে নতুন মজুরিকাঠামো অনুযায়ী বেতন দেওয়ার ক্ষেত্রে একমত হয়েছে সব পক্ষ।