গোপালগঞ্জ জেলা কারাগারে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যাটালিয়ন সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, আনসার সদস্যদের জন্য পাঠানো খাবার পথে অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে তা রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে প্রচার করার অপচেষ্টা চালানো হয়েছে।
আজ শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্বরত এই সদস্যদের জন্য গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেসামরিক কর্মচারীরা (সিভিল স্টাফ) খাবার নিয়ে যাওয়ার সময় পথে বাধার সম্মুখীন হন।
আনসার ও ভিডিপি দাবি করেছে, একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত ওই কর্মচারীদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবারগুলো ছিনিয়ে নেয়। পরবর্তীতে ছিনিয়ে নেওয়া সেই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের মানবিক কর্মকাণ্ড হিসেবে অপপ্রচার চালানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঘটনার পর ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বাহিনীটির মতে, খাবার সরবরাহকারী কর্মীদের জিম্মি করে পরিস্থিতির সুযোগ নিয়ে ধারণ করা ভিডিওর মাধ্যমে ঘটনাটিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে, যা বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির শামিল।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় বাহিনীটি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্বরত সদস্যদের খাবার সরবরাহের মতো বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ধরনের প্রচারণার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার এবং প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে আনসার ও ভিডিপি।