প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।
সেই সঙ্গে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।
প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন দীর্ঘদিন থেকে নিষ্পত্তি হচ্ছে না— এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে এইচআরপিবির পক্ষ থেকে রিট দায়ের করা হয়।
শুনানি শেষে আদালত ৬০ দিনের মধ্যে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন নিষ্পত্তির আদেশ দিয়েছেন। এ ছাড়া ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, লাখ লাখ প্রবাসীর উপার্জিত অর্থ রেমিটেন্স হিসেবে দেশে পাঠানোর কারণে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়। কিন্তু প্রবাসীদের পাসপোর্ট প্রদান এবং নবায়নের আবেদন দিনের পর দিন ঝুলে থাকার কারণে তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি কখনো কখনো তাঁদের অনেকের চাকরি হারাতে হচ্ছে। যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।
মনজিল মোরসেদ আরও বলেন, প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে চিঠি ইস্যু করে দেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাসকে প্রবাসীদের দাখিল করা নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পাসপোর্ট অফিসে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। আর ৩০ দিনের মধ্যে এই বিষয়ে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন।