হোম > জাতীয়

কপ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাসস

ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বিকেলে ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।

হাসান শিপলু বলেন, আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে দুই শিশু ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

উপপ্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’ পাঁচতারা রিসোর্টে উঠবেন। আন্তালিয়ায় অবস্থানকালে প্রধানমন্ত্রী এই রিসোর্টে থাকবেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু-বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সফরসঙ্গী ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

এর আগে আজ তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।

পরে ভিভিআইপি মর্যাদায় প্রধানমন্ত্রীকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ।

এর আগে, সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (স্থানীয় সময়) আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

আগামী ১১ ও ১২ নভেম্বর কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন। এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।