হোম > জাতীয়

নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

নেপালে ঘটে যাওয়া ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘নেপালে বিধ্বংসী বন্যায় আকস্মিক প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে আমি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং সে দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা এই ভয়াবহ দুর্যোগে স্বজন হারিয়েছেন, সেই শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সহানুভূতি ও দোয়া রইল। বিপদের এই কঠিন সময়ে নেপালের যেকোনো সহায়তায় বাংলাদেশ পাশে থাকতে প্রস্তুত।’

প্রসঙ্গত, নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদী-সংলগ্ন এলাকায় আজ বুধবার আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫৭৯ জন। এদের মধ্যে ১১৩ জন নেপালি ও ১৩৩ জন ভারতীয় নাগরিকসহ ২৮ দেশের নাগরিক আছেন।