একই প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার না দিয়ে অন্য প্রতিষ্ঠানকেও টেন্ডার দেওয়ার সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এ সুপারিশ করা হয়।
আজ শনিবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়ের সব কার্যক্রম পরিচালনা এবং এ জন্য যথাযথ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করে কমিটি।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রমে হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে যান্ত্রিকীকরণের যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি তাঁতশিল্পের প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সহজলভ্য করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি অথবা ডিলার নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া দিনাজপুরের রাণীর বন্দরে তাঁত বোর্ডের অফিসের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমি লিজ বা অন্য কোনোভাবে বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ও হুইপ মো. আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম, এস এম ফয়সল, মো. আব্দুল্লাহ্, রেজেকা সুলতানা, আফজাল হোসেন, রবিউল বাশার এবং মাহবুবা হাকিম।