হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি জিয়াউল আহসানকে ভার্চুয়ালি হাজির করা হবে। আজ সোমবার প্রসিকিউশনের এ-সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আদেশের বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, এখন থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় জিয়াউল আহসানকে কারাগারে রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করানো হবে। আদেশে বলা আছে— আসামি যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন অথবা তিনি যদি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, তাহলে সেই আসামিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচারকার্যে অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আরও একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় ট্রাইব্যুনাল-১-এর আদেশ অনুযায়ী তাঁকে সশরীরে হাজির করা হয় না। তিনি ভার্চুয়ালি বিচারপ্রক্রিয়ায় অংশ নেন।
এর আগে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার মাহবুব শফিক, সিফাত মাহমুদ শুভ ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শাপলা চত্বরের মামলার আসামিদের মধ্যে হাসানুল হক ইনু, ড. আব্দুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, ডা. দীপু মনি, শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে হাজির করা হয়।
এর মধ্যে দীপু মনি, শাহরিয়ার কবির ও ফারজানা রুপা ছাড়া অন্যদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো হয়।
এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের অপর একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনসিুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও একইভাবে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে হাজির করা হয়।
এদিকে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, জিয়াউল আহসান ও তাঁর বোন প্ল্যান করে করে তিনি যে মামলাগুলোতে আসামি, সেই মামলার বিচারকাজ বাধাগ্রস্ত করছেন। তাঁর (জিয়াউল আহসান) কারণে আদালতের কার্যক্রম দুই দিন অন্তত দুই ঘণ্টা অকারণে বিলম্ব হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ। অথচ আজ সকালবেলা ভাণ করেছেন যে, তিনি অসুস্থ এবং প্রতি তারিখেই এই কাজগুলো করেন। তিনি কখনো কর্তব্যরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এগুলো সকাল থেকে রেজিস্ট্রি অফিসে জেল কর্তৃপক্ষ বলেছিল। চিফ প্রসিকিউটরকে রেজিস্ট্রি অফিস থেকেও বারবার বিষয়টি অবহিত করা হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, ‘জিয়াউল আহসান ও তাঁর সহোদর বোন এবং আইনজীবী নাজনীন নাহার গত তারিখে কর্তব্যরত পুলিশ সদস্যদের হুমকি দিয়েছেন। আমরা নাজনীনের বিরুদ্ধে ভবিষ্যতে লিখিত আবেদন করব বলে চিন্তা করেছি। তাঁদের দুজনের অনেক আচরণ আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য নানান রকমের প্রচেষ্টা। ভবিষ্যতে তিনি এই জাতীয় আচরণ অব্যাহত রাখলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প থাকবে না।’
চিফ প্রসিকিউটর জানান, মূলধারার সাংবাদিকদের বাইরে কোনো ইউটিউবারকে ভবিষ্যতে আর প্রবেশ করতে না-ও দিতে পারেন। কারণ, এখানে কিছু ইউটিউবার সাংবাদিক আছেন, তাঁদের কাজ হচ্ছে নানা বিষয় খণ্ডবিখণ্ড করে খণ্ডিত চিত্র ধারণ করা। আর এগুলো ভাইরাল করে ট্রাইব্যুনালের ভাবমূর্তি বিনষ্ট করা। তাঁদের অনেককে চিহ্নিত করা হয়ছে। ভবিষ্যতে যদি তাঁরা একই কাজ করেন, ট্রাইব্যুনালের ভাবমূর্তি যদি ভবিষ্যতে বিনষ্ট করেন, তিনি যে-ই হোন, তাঁকে আর ছাড় দেবেন না।