বাংলাদেশের সঙ্গে অটোমোবাইল খাত ও শিল্প সহযোগিতায় অংশীদারত্বের সম্ভাবনা দেখছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও কীভাবে সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে মালয়েশিয়ার দূত প্রযুক্তি হস্তান্তর ও শিল্প সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ার অটোমোবাইল কোম্পানিগুলো বাংলাদেশে গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখতে পারে। একই সঙ্গে তরুণ বাংলাদেশি পেশাজীবীদের জন্য প্রশিক্ষণের সুযোগও সৃষ্টি হতে পারে।
প্রতিবেদনে হাইকমিশনারের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে কুয়ালালামপুর।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের পক্ষে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থন কামনা করেন। তিনি আরও বলেন, বর্তমানে মালয়েশিয়ায় ১০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ার একাধিকবার প্রবেশযোগ্য ভিসা সুবিধা চালুর সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।
বাংলাদেশ মালয়েশিয়ার বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়াতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে এক পোস্টে জানায়, বৈঠকে দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষি, জ্বালানি, হালাল শিল্প ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ জোরদারের বিষয়েও আলোচনা করেছে।