হোম > জাতীয়

আধুনিক বাংলাদেশের জনক জিয়াউর রহমান: সমাজকল্যাণমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মরণে আয়োজিত ‘স্মরণসভা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জিয়াউর রহমান মাত্র সাড়ে ৩ বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে এমন কোনো সেক্টর নেই, যেখানে তাঁর হাতের ছোঁয়া রেখে যাননি। দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক অগ্রগতির জন্য এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিটি সেক্টরেই তিনি দায়িত্ব পালন করেছেন, যার জন্য আধুনিক বাংলাদেশের জনকের নাম জিয়াউর রহমান।

আজ রোববার বিকেল ৪ টায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মরণে আয়োজিত ‘স্মরণসভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জোটেব) আয়োজিত সভায় ডা. জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি এমন একটি দল, গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে, গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে...একাত্তরের মার্চ মাসে যখন কেউ কেউ পালিয়ে গেল, কেউ কেউ আত্মসমর্পণ করল, তখন চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা ও বিদ্রোহের সূচনা করলেন এবং রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন। সুতরাং দেশ যখন অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন হাল ধরলেন জিয়াউর রহমান। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে দেওয়া সেই ঘোষণা আমরা কানে শুনেছি, অথচ সেটাও মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘৭৫-এ যখন আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়েছে, তখনো সিপাহি-জনতা আস্থা রেখেছে ওই মানুষটির ওপর, যিনি নিজের দুই নাবালক সন্তান ও স্ত্রীর ওপর পিছুটান রাখেননি। মানুষটি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনিই আবার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী খালেদা জিয়া সারা দেশ ঘুরে বেরিয়েছেন এবং দলকে জনগণের দলে পরিণত করেছেন। এরপর ৯১-এ দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন খালেদা জিয়া।’

বিএনপি কখনো জোর করে ক্ষমতা ধরে রাখেনি দাবি করে তিনি বলেন, ‘বিএনপি দেশের মানুষের প্রতি কর্তব্য পালনে কখনো পিছপা হয়নি। অনেক সময় দলগতভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলেও স্বৈরাচারী মানসিকতা বিএনপির কখনো ছিল না।’

১/১১-তে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় বসানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘এরপর দিনের ভোট রাতে হয়ে যায়। আজ মিডিয়া এত কথা বলতে পারছে, তখন রেকর্ড ছিল, কিন্তু বলতে পারেনি। গণতন্ত্রের টুঁটি চেপে ধরা হয়েছিল।’

আওয়ামী লীগের বর্তমান অবস্থার কথা ইঙ্গিত করে তিনি বলেন, ‘আয়নায় যেমন চেহারা দেখা উচিত, অতীত থেকে যেমন শিক্ষা নেওয়া উচিত, তেমনি বর্তমানকে এমনভাবে সাজানো উচিত, যাতে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়। কোনো অবস্থাতেই যেন স্বৈরাচারের উত্থান হওয়ার সুযোগ না থাকে, তেমনি জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলার সুযোগ না পায়, সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব আমাদের। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে।’

জুলাই-আগস্টে যেসব মানুষ গুম হয়েছেন, শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের পরিবারের সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত আছে বলেও জানান তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘শত শত ভাই হারিয়েছি, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। অনেকের কবর খুঁজে পাওয়া গেছে, কিন্তু যারা গুম হয়েছেন, তাঁরা বেঁচে আছেন কি না, তাঁদের পরিবার জানে না। এই যে একটি দুর্বিষহ অবস্থা, এটি সারা জীবন তাঁদের পরিবারকে বয়ে বেড়াতে হবে। এই কষ্টে যারা পড়েননি, তারা বুঝবেন না, এটি কেমন কষ্ট।’

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘সরকার প্রান্তিক এলাকার মানুষের উন্নয়নে কাজ করছে। যেমন ফ্যামিলি কার্ড এমন প্রান্তিক এলাকার জনগণ পাচ্ছে। যারা প্রান্তিক এলাকায় চলাফেরা করেন না, তারা বুঝবেন না।’ তিনি জুলাইয়ের সব শহীদ পরিবারের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান।

জোটেবের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

এক বছর পর আজ রাতে আবার চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করেন জিয়াউল: জবানবন্দি

বিকাশ, রকেট ও নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্ট

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক: গবেষণা

বেনজীরকে ফেরাতে দ্বিতীয় দফায় চাওয়া কাগজপত্র পাঠানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রটোকল ছোট করছে সরকার, এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী ড্যানী

সাবেক রাষ্ট্রপতি ও শেখ হাসিনার ফোনালাপের তথ্য সরকারের কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-শিল্প সুরক্ষায় গঠিত হচ্ছে বিশেষ কমিটি, সহজ ঋণ ও সৌরবিদ্যুতের আশ্বাস প্রধানমন্ত্রীর