আইনজীবী হিসেবে সনদ নেওয়ার পর তা সারেন্ডার না করেই আইন পেশা ছাড়া অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া গত ২৬ অক্টোবর ওই রিট করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।
যাঁরা আইন পেশার সনদ নিয়ে তা সারেন্ডার না করেই অন্য পেশায় নিয়োজিত আছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০২৩ সালে বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেন রিট আবেদনকারী আইনজীবী। এতে ফল না পেয়ে গত ১২ আগস্ট বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন তিনি। তবে ফল না পেয়ে ২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।
আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, উচ্চপর্যায়ের কমিটি গঠনের পাশাপাশি বহুল প্রচারিত জাতীয় দৈনিকে দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।