আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোট দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, ‘এ বছরের ৩১ জুলাই পর্যন্ত যে ভোটার নিবন্ধন হয়েছে তাদের নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেই অনুযায়ী আমাদের বর্তমান ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩। আমরা আমাদের স্থানীয় সরকার নির্বাচনে এই সংখ্যাটা নিয়েই আমরা এগিয়ে যাবো। বিগত হালনাগাদ থেকে ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩।’
ইসি সচিব বলেন, এতে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৬ কোটি ৫৫ লক্ষ ১০ হাজার ৬৬৫। নারী ভোটারের সংখ্যা হচ্ছে ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১। আর তৃতীয় লিঙ্গ হচ্ছে ১ হাজার ২৬৭।
ভোটার তালিকায় পরিবর্তনের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ৩১ জুলাইকে ভোটার তালিকার কাট-অফ ডেট নির্ধারণ করা হয়েছিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে পরিবর্তন এলে নতুন সংখ্যা জানানো হবে। আপাতত ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের সংখ্যাই বহাল রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের সংখ্যাটা নির্ভর করছে কোন স্তরের ভোটটা হবে সেটার ওপরে। এখন তো সেটাই বলেনি, অতএব আপনাকে সঠিকভাবে ভোটকেন্দ্রের সংখ্যাটা আমি বলতে পারছি না।’ কিন্তু গত ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে জানানো হলে তিনি আরও বলেন, ‘চূড়ান্ত প্রকাশ হয়ে গিয়েছে। আমার কাছে সংখ্যাটা নেই, সরি।’
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৪ আগস্ট পর্যন্ত ভোটার তালিকা নিয়ে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয় এবং ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়। পরে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২৮ আগস্টের মধ্যে তালিকায় প্রয়োজনীয় সংযোজন করা হয়। এরপর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ভোট শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।