তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। দলটির রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতা নেই।
আজ সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বক্তব্য রাখেন।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের এই কার্যক্রম দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতা আমরা দেখি না। এসব কর্মকাণ্ড করে খুব একটা ফায়দা পাবে বলে আমার মনে হয় না। জুলাই গণ-অভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এই অধিকার আগামী দিনেও নেই।
ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন— এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, নেতা কর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ধামাচাপা দিতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতিই ছিল প্রতিশোধপরায়ণ। ১৯৭৫-এর বিষয়টিকে পুঁজি করে তারা প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি কোনোভাবেই যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে; অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হবে। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিগত ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, এত মিডিয়া নিয়ন্ত্রণ ও দমনপীড়ন চালিয়েও তারা ক্ষমতায় টিকতে পারেনি।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়ে আলোচনা চলছে। বিগত সময়ে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনো জাতিকে পুরোপুরি বোঝাতে না পারাটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তিনি দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও বিগত দিনের লুটপাটের প্রকৃত তথ্য সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
নন-পারফর্মিং লোনের (খেলাপি ঋণ) পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো, নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে আজ ব্যাংকিং খাতের এই করুণ দশা। বর্তমান সরকারের ওপর এই সংকটের দায় চাপানো হলেও এর প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরা উচিত। এ ছাড়া বিদ্যুৎ খাতে ওভারপ্রাইসিংয়ের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত সংবাদ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা করা হচ্ছে। গত দুই বছরে ফেসবুকে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা রোধ করা হবে। পাশাপাশি অনিবন্ধিত অনলাইন পোর্টাল থেকে শুরু করে যারা ফেক নিউজ করছে তাদের কীভাবে থামানো যায়— সে বিষয়ে সরকার কাজ করছে।
নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ইউজার ফ্রেন্ডলি করা হবে বলে জানান তিনি।
গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ তাদের গ্রহণযোগ্যতা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে একটি স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। সরকার সংবাদমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না, বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গণমাধ্যমের সহযোগিতা চায়।
অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্যসচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।