জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার প্রশ্নের সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের টিপ্পনী ও মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় তিনি সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের হস্তক্ষেপ কামনা করে এ বিষয়ে রুলিং দেওয়ার অনুরোধ জানান।
জবাবে স্পিকার বলেন, তিনি বলেছেন-সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ করা উচিত নয়। কোনো সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে অন্য সদস্যদেরও জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে।
আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর স্পিকার এসব কথা বলেন।
এর আগে মাগরিবের বিরতির আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত ৫৪৩ প্রশ্ন উত্থাপন করেন জামায়াতের এমপি আমির হামজা। ডেপুটি স্পিকার তাঁর নাম ঘোষণার পরে সরকার দলের এমপিদের হইচই করতে দেখা যায়। পরে আমির হামজার প্রশ্নের উত্তর দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এরপর আরেকটি সম্পূরক প্রশ্ন করেন আমির হামজা।
মাগরিবের বিরতির পরে সংসদের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি শাহাজাহান চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের বিষয়ে উত্তর দেন।
স্পিকারকে উদ্দেশ করে শাহজাহান চৌধুরী বলেন, আপনি আমাদের এই হাউসের ৩৫০ জন সংসদ সদস্যের গার্ডিয়ান। আমাদের মাননীয় সংসদ সদস্যদের সবার সম্মান রক্ষার বিষয়টি সবচেয়ে বেশি আপনিই দেখবেন এবং গার্ডিয়ান হিসেবে আমাদের নির্দেশনা দেবেন।
শাজাহান চৌধুরী বলেন, ‘আমাদের একজন মাননীয় সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ওয়ায়েজিন আমির হামজা সাহেব। প্রশ্নোত্তর পর্বে তাঁর নাম উল্লেখ করে প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে তাঁর সম্পর্কে মন্তব্য করেছেন এবং হাউসে যেভাবে শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ন করার শামিল।’
জামায়াতের এ এমপি বলেন, ‘মাননীয় স্পিকার, এ পর্যন্ত আপনি সরকারি দল ও বিরোধী দল—উভয় পক্ষের সদস্যদের সম্মান সমানভাবে রক্ষা করেছেন। একজন সংসদ সদস্যের নাম উল্লেখ করে যেভাবে মন্তব্য করা হয়েছে, বিষয়টি আপনার দৃষ্টিতে আনতে চাই। আপনি এই হাউসের অভিভাবক হিসেবে এ বিষয়ে একটি রুলিং দেবেন, সেটাই প্রত্যাশা করছি।’
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এই সংসদের ওপর জনগণের অনেক আস্থা রয়েছে। ১৫ বছর দুঃসময় অতিক্রান্ত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে।’
স্পিকার বলেন, ‘আমি বাইরে যখন যেখানেই বক্তব্য দেওয়ার সুযোগ পাই, সব সময় বলি, আমার দৃষ্টিতে এই সংসদটি আমার দেখা সাতটি সংসদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে গঠিত এবং যোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে। এই সংসদে অনেক জ্ঞানী-গুণী ও শিক্ষিত ব্যক্তি রয়েছেন। এই সংসদের সবচেয়ে বড় মাহাত্ম্য হলো, এটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।’
হাফিজ উদ্দিন বলেন, ‘এর আগের ১৫ বছর ছিল অন্ধকার সময়। আমরা সবাই তা সহ্য করেছি। উভয় পক্ষের অনেক সদস্য বিনা বিচারে জেলে সময় পার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর অন্তরীণ ছিলেন। বিচার পাননি, খাবার পাননি, চিকিৎসা পাননি। অনেক দুঃসময় অতিক্রম করে আমরা এই সংসদ পেয়েছি।’
স্পিকার বলেন, সুতরাং, এখন আমাদের ওপর জনগণের অনেক আশা-ভরসা রয়েছে। আমরা আশা করি, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারব। এই সংসদের কার্যক্রম এখন সাধারণ মানুষ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি দেখছেন। সুতরাং, আপনাদের আচরণের ওপর ভিত্তি করে তাঁরা এই সংসদ সম্পর্কে ধারণা তৈরি করবেন।
জাতীয় সংসদের স্পিকার আরও বলেন, ‘আমাদের অতীত দিনের রাজনীতি ক্লেদার্থ, আমি যেসব সংসদে ছিলাম, সেখানে তুমুল গালাগালি, অশ্রাব্য কথাবার্তা হতো। এমনকি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে পেছন থেকে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলা হয়েছে। এভাবে অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। আমরা এসব দিন পেছনে ফেলে যেতে চাই।’
হাফিজ উদ্দিন বলেন, আমরা এমন একটি সংসদ গড়ে তুলতে চাই, যে সংসদের ওপর জনগণ নির্ভর করতে পারে। আর এ জন্য আপনারা প্রত্যেকেই দায়ী। যেমন ট্রেজারি বেঞ্চের দায়িত্ব রয়েছে, তেমনি অপজিশন বেঞ্চেরও দায়িত্ব রয়েছে। স্বতন্ত্র সদস্যদেরও দায়িত্ব রয়েছে।
স্পিকার বলেন, ‘আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনারা আমার চেয়ে কেউ কম বোঝেন না, বরং বেশি বোঝেন। সুতরাং, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না। একজন সদস্য যখন দাঁড়িয়ে কথা বলেন, তিনি যদি আপত্তিকর শব্দ বলে থাকেন, সেটি এক্সপাঞ্জ হবে। আর আপনাদের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হলে সেই সুযোগও দেওয়া হবে।’
এমপিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের মধ্যে আরও বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শন করা প্রয়োজন। আপনারা ধৈর্য ধরে অন্যের বক্তব্য শুনবেন। বাক্স্বাধীনতা রয়েছে, এই বাক্স্বাধীনতা নিয়ে আমরা সবাই গর্ব করি। অনুগ্রহ করে কোনো সদস্যের মানসম্মান বিনষ্ট হয়, এমন আচরণ আপনারা কেউ করবেন না বলে আশা করি। আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি।’