হোম > জাতীয়

গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ভারতের গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনকে দেশটির সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনাও হয়নি।

আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

সম্প্রতি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে ফেরতে ভারতের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, তাঁকে সেনাবাহিনীর এয়ারক্রাফটে করে ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্তটা হলো, শেখ হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়—বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, একটি পত্রিকার প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যায় না। কোনো রাষ্ট্র বা সরকার অন্য রাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানলে সে বিষয়ে প্রতিক্রিয়া জানানোর কারণ নেই। পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সমন্বয়ক এ বিষয়ে কথা বলেছেন। তবে সরকারের মধ্যে এ ধরনের কোনো আলোচনা নেই। ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত দেবে, বিষয়টি এমনও নয়।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘একেবারেই না, একেবারেই না।’

জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের বাস্তবতায় পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। দেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সব দেশের সঙ্গে নিজেদের প্রয়োজনের নিরিখে সম্পৃক্ত হতে চায় বাংলাদেশ। তবে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে না। বাংলাদেশ আলোচনা করতে ও কথা বলতে চায়। কিন্তু যেখানে আইনগতভাবে বাংলাদেশের অবস্থান সঠিক, সেখানে চাপ বা শর্ত দিয়ে কোনো কিছু মেনে নেওয়া হবে না।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা নিজেদের বিপদ ডেকে আনছেন এবং ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছেন। নৃশংসতা ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

সম্প্রতি গোপালগঞ্জের কয়েকটি উপজেলায় ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর, দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনরত আওয়ামী লীগের সমর্থকেরা। এসব ঘটনায় মামলা ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের বিপদ ডেকে আনছেন। ফৌজদারি অপরাধের জন্য তাঁদের মাশুল দিতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সাধারণ মিছিল, সভা-সমাবেশও বেআইনি। এর সঙ্গে নৃশংসতা ও সহিংসতা দেখানো হয়েছে। সরকার এসব সহ্য করবে না। পুলিশ প্রয়োজনীয় মাত্রায় বল প্রয়োগ করে কাজ করবে এবং অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকার উদ্বিগ্ন কি না, এমন প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, এসব কর্মসূচিতে তেমন কিছু যায় আসে না। কোথাও সরকারি কর্মকর্তারা ব্যর্থ হলে সেখানে আরও দক্ষ লোক নিয়োগ দেওয়া হচ্ছে।

সরকারি কর্মচারীদের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা তদারকি

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগ বহু বছর ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। সেটি সমস্যা নয়। প্রজাতন্ত্রের কর্মচারীরা তাঁদের কাজও করছেন। কিন্তু চাকরিতে থাকা অবস্থায় কেউ দলটির কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলে তা গুরুতর বিষয়। সরকার এ বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখবে। এ ধরনের তথ্য সংগ্রহের জন্য সরকারের ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে। সরকার চাইলে তথ্য পেতে পারে।

গঙ্গা চুক্তি ও পোশাকশ্রমিকদের জন্য ওএমএস

গঙ্গা পানি চুক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী চুক্তির বিষয়ে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আপাতত এর বেশি কিছু জানানোর নেই। তবে গঙ্গা চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের কোনো সম্পর্ক নেই।

চলমান শ্রমিক আন্দোলন এবং শ্রমিকদের জন্য খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, গত ১৩ নভেম্বর থেকে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালু হয়েছে। একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেজিপ্রতি ৩০ টাকা দরে কিনতে পারবেন। ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৬৬টি ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

যাত্রাপালা ও সার্কাসে জুয়া-অশ্লীলতা বন্ধের উদ্যোগ

যাত্রাপালা ও সার্কাস চালু রাখার পাশাপাশি এসবের সঙ্গে যুক্ত জুয়া, অশ্লীলতা ও অন্যান্য অপরাধ দমনে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সরকার যাত্রাপালা ও সার্কাস পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। তবে এগুলোর সঙ্গে একধরনের অশ্লীলতা জড়িয়ে পড়েছে। একই সঙ্গে সাংবিধানিকভাবে নিষিদ্ধ জুয়ার বিষয়টিও যুক্ত থাকে। এসব আয়োজনে গিয়ে তরুণেরা বিপথে চলে যাচ্ছে কি না, সে প্রশ্নও রয়েছে।

জাহেদ উর রহমান বলেন, সুস্থ পরিবেশে যাত্রাপালা ও সার্কাস আয়োজন করা গেলে তা চলবে। তবে যাত্রাপালায় মাদক, জুয়া, অশ্লীলতা বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ড থাকলে ভবিষ্যতে আর অনুমোদন দেওয়া হবে না। একই সঙ্গে ‘তৌহিদি জনতা’র নামে কেউ বাধা দিতে এলে সরকার তা প্রতিহত করবে।