হোম > জাতীয়

বিকল্প ক্রয়ব্যবস্থার সুযোগ রেখে সংশোধন হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার সুযোগ রেখে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধিত খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার সংস্থানসহ বিভিন্ন বিষয়ে যুগোপযোগী পরিবর্তনের উদ্দেশ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

খসড়া অধ্যাদেশটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে দেশিয় শিল্পের স্বার্থ সুরক্ষা; ক্রয়কার্যে অধিক প্রতিযোগিতা সৃষ্টি, ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধান সম্প্রসারণ, উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালির আধুনিকায়ন, টেকসই ক্রয় ব্যবস্থার অধিক সংস্থানের লক্ষ্যে পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ে নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়ন, সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ এবং পেশাগত অসদাচরণ সংশ্লিষ্ট বিধান স্পষ্টীকরণ করতে অধ্যাদেশটি সংশোধন করা হচ্ছে।