হোম > জীবনধারা > ভ্রমণ

এশিয়ার অন্যতম সেরা দুটি ফাইন ডাইনিং রেস্তোরাঁ

ফিচার ডেস্ক

সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ প্ল্যাটফর্ম ট্রিপ অ্যাডভাইজার প্রকাশ করেছে এ বছরের ট্রাভেলার্স চয়েস বেস্ট অব দ্য বেস্ট রেস্তোরাঁর তালিকা। দীর্ঘ ১২ মাসের ভ্রমণকারীদের রিভিউ এবং রেটিংয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে বিশ্বের সেরা ১০ ফাইন ডাইনিং রেস্তোরাঁর তালিকা।

কোমা সিঙ্গাপুর

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের বিখ্যাত মারিনা বে স্যান্ডসে অবস্থিত কোমা সিঙ্গাপুর। আধুনিক জাপানি খাবারের জন্য পরিচিত এই রেস্তোরাঁয় প্রবেশ করতেই মনে হবে যেন কিয়োটোর ফুশিমি ইনিয়ারি শাইনে এসে পড়েছেন। প্রবেশপথে তৈরি প্রায় ২০ মিটার দীর্ঘ লাল রঙের তোরি গেট অতিক্রম করে ভেতরে প্রবেশ করলে দেখা মেলে বিশাল ডাইনিং রুমের। যেখানে একটি ২ দশমিক ৫ মিটার লম্বা ঐতিহ্যবাহী জাপানি বেল এবং লাল ফুটব্রিজ সবার নজর কাড়ে। তাদের মেনুর অন্যতম আকর্ষণ হলো মিজো-ম্যারিনেটেড ব্ল্যাক কড, ইউনি পাস্তা এবং স্নো-এজড নিগাতা ওয়াগিউ।

দ্য রিদমস রেস্টুরেন্ট

তালিকায় তৃতীয় স্থানে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থিত দ্য রিদমস রেস্টুরেন্ট। ভিয়েতনামের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ এবং আন্তর্জাতিক পরিবেশনার এক অনন্য সংমিশ্রণ ঘটেছে এই রেস্তোরাঁয়। রেস্তোরাঁটি ভিয়েতনামের ঐতিহ্যবাহী খাবারগুলোকে আধুনিক রূপ দিয়ে উপস্থাপন করে। স্থানীয় তাজা মসলা এবং উপাদানের সমন্বয়ে তৈরি ডিশগুলো ভিয়েতনামের নিজস্ব খাদ্যসংস্কৃতিকে তুলে ধরে। রেস্তোরাঁটির অভ্যন্তরীণ সাজসজ্জায় আধুনিকতার পাশাপাশি ভিয়েতনামের শিল্পকলা ও ঐতিহ্যের প্রতিফলন দেখা যায়। হ্যানয়ের ওল্ড কোয়ার্টারের কাছাকাছি অবস্থিত হওয়ায় রেস্তোরাঁটি থেকে শহরের মনোরম দৃশ্য ও সুন্দর পরিবেশ উপভোগ করা যায়।

সূত্র: ট্রিপ অ্যাডভাইজার, টাইম আউট