হোম > জীবনধারা > ভ্রমণ

পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র

মো. ইমরান হোসেন

পাহাড়ের অপরূপ সৌন্দর্য, সবুজের সমারোহ আর মেঘের মিতালি দেখতে কার না ভালো লাগে! প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য মানুষকে বারবার কাছে টানে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য যেন ভ্রমণপিয়াসিদের কাছে বরাবরই বিশেষ। দেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে খাগড়াছড়ি তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পথ, সবুজ বনভূমি ও বৈচিত্র্যময় পর্যটনকেন্দ্রের জন্য বিশেষভাবে পরিচিত। এই জেলার অন্যতম আকর্ষণ আলুটিলা পর্যটনকেন্দ্র। পাহাড়ের ওপর থেকে বিস্তীর্ণ সবুজ প্রকৃতি দেখা, রহস্যময় গুহায় প্রবেশ এবং চারপাশের মনোরম পরিবেশ উপভোগের জন্য এটি বেশ বিখ্যাত একটি জায়গা।

বরগুনা থেকে বাসে চট্টগ্রাম। সেখান থেকে বারইয়ারহাট, তারপর খাগড়াছড়ির উদ্দেশে যাত্রা। এ যাত্রায় আমরা ছিলাম চারজন।

খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে আলুটিলা পর্যটনকেন্দ্র আমাদের বিশেষ আকর্ষণের জায়গা ছিল। পাহাড়ের ওপর অবস্থিত এই পর্যটনকেন্দ্রের প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। এখানে পৌঁছে চারপাশের দৃশ্য দেখে প্রথমেই চোখ আটকে যায় পাহাড়ের বিস্তৃত সবুজের দিকে। একটির পর একটি পাহাড় যেন দূরে মিশেছে দিগন্তের সঙ্গে। কোথাও ঘন সবুজ বনভূমি, কোথাও পাহাড়ের ঢাল, আবার কোথাও দূরের জনপদের দৃশ্য—সব মিলিয়ে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ।

আলুটিলা পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থান থেকে চারপাশের প্রকৃতি উপভোগ করার সুযোগ রয়েছে। পাহাড়ের ওপর দাঁড়িয়ে নিচের বিস্তীর্ণ অঞ্চল দেখলে মনে হয়, প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে এই ভূখণ্ড। দূরের পাহাড়গুলো একটির পর একটি করে সাজানো। সবুজ গাছপালায় আচ্ছাদিত পাহাড়ের সারি চোখকে প্রশান্তি দেয়। শহরের কোলাহল ও ব্যস্ততা থেকে দূরে এমন পরিবেশে দাঁড়ালে মন ভালো হয়ে যায়। প্রকৃতির এই নীরব সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যায়, টেরই পাওয়া যায় না।

আলুটিলা পর্যটনকেন্দ্রের অন্যতম আকর্ষণ এর রহস্যময় গুহা। পর্যটনকেন্দ্রে এসে গুহার ভেতরে প্রবেশ না করলে যেন ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অপূর্ণ থেকে যায়। তাই আমরাও গুহার ভেতরে প্রবেশের সুযোগ হাতছাড়া করিনি। বাইরে থেকে গুহাটিকে রহস্যময় মনে হয়, ভেতরে প্রবেশের পর অনুভূতিটা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। গুহার ভেতরে ঢুকতেই বাইরের পরিবেশের তুলনায় বেশ ঠান্ডা অনুভব করি। ভেতরটা ছিল অত্যন্ত শীতল। বাইরে পাহাড়ি পরিবেশের উষ্ণতা থাকলেও গুহার ভেতরে পা রাখতেই যেন এক ভিন্ন আবহের দেখা মেলে।

আলুটিলা পর্যটনকেন্দ্রের সৌন্দর্য শুধু চোখে দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়; এখানকার পরিবেশ মানুষকে মানসিক প্রশান্তিও দেয়। প্রকৃতির কাছে সময় কাটালে দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও ক্লান্তি অনেকটাই ভুলে থাকা যায়। পাহাড়ের সবুজ, দূরের বিস্তীর্ণ দৃশ্য আর নীরব পরিবেশ মনের মধ্যে একধরনের প্রশান্তি তৈরি করে। আমাদের ক্ষেত্রেও এমন অনুভূতি কাজ করেছিল।

প্রকৃতির সৌন্দর্য মানুষকে নতুন করে ভাবতে শেখায়, ব্যস্ততার বাইরে কিছু সময় নিজের মতো করে কাটানোর সুযোগ করে দেয়। খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রও তেমনই এক জায়গা; যেখানে পাহাড়, সবুজ প্রকৃতি ও রহস্যময় গুহা মিলেমিশে তৈরি করেছে অনন্য পরিবেশ। পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা এই সৌন্দর্য উপভোগের অভিজ্ঞতা আমাদের স্মৃতিতে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।

যেভাবে যাবেন

ঢাকা থেকে বাসে চট্টগ্রামের বারইয়ারহাটে নেমে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রে যাওয়া যায়। যানবাহনের ধরন ও দূরত্ব অনুযায়ী ভাড়া ভিন্ন হতে পারে।