কারও বাড়িতে বেড়াতে গিয়ে ফ্রিজ দেখলে বোঝা যায় যে বাড়ির সদস্যরা কোথায় কোথায় ঘুরতে গেছেন। বেড়াতে গেলে মানুষ স্মারক হিসেবে ফ্রিজ ম্যাগনেটই বেশি কেনে। এগুলো ছোট, সুন্দর ও কাজে লাগে। আবার ভ্রমণের স্মৃতি হিসেবেও থাকে। সব সময় ম্যাগনেট কিনবেন কেন? স্যুভেনির হিসেবে বেছে নিতে পারেন আরও কয়েকটি দারুণ জিনিস।
আন্তর্জাতিক ভ্রমণে গেলে সে দেশের মুদ্রা ও পোস্টকার্ড সংগ্রহ করতে পারেন। এগুলো ঘর সাজাতে নানাভাবে ব্যবহার করা যায়। বিভিন্ন দেশের কয়েন জমানোর জন্য আলাদা কাচের জার কিনতে পারেন। ভ্রমণের স্মৃতির পাশাপাশি অবসরও ভালো কাটবে এসব দেখে।
যদি এমন কোনো জায়গায় বেড়াতে যান, যেখানে চা, কফি কিংবা মসলার বাগান রয়েছে; তাহলে সেখান থেকে এগুলো কিনুন। স্থানীয় স্ন্যাকসও কেনা যায় চাইলে।
প্রতিটি জায়গার নিজস্ব কিছু পোশাক রয়েছে। সেগুলো কিনতে পারেন। বাজেট কম হলে স্কার্ফ, তোয়ালে বা ছোটখাটো গয়না কিনতে পারেন। কোনো মেলায় গেলে স্থানীয় বাসিন্দাদের হাতে তৈরি গয়না কিনতে পারেন। এ ছাড়া টুপি, ব্যাগ ইত্যাদিও সংগ্রহে রাখতে পারেন। এগুলো সব সময় কাজে লাগে।
একাধিক চাবির রিং কিনতে পারেন। কোনো দেশের পতাকার নকশা করা বা কোনো ট্যুরিস্ট স্পটের ছবি বেছে নিতে পারেন। উপহার হিসেবে এসব দারুণ।
সূত্র: অ্যাডভেঞ্চারিংস ও অন্যান্য