হোম > জীবনধারা > ভ্রমণ

এশিয়ার কোন দেশে কখন ভ্রমণ

ফিচার ডেস্ক  

ভ্রমণে বরাবরই ট্রেন্ডে থাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। নাম শুনলেই চিনবেন সেসব দেশকে। দেশগুলো হলো—কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। বরাবরই বিশ্বজুড়ে ভ্রমণপিয়াসিদের পছন্দের শীর্ষে থাকে এসব দেশ। এই অঞ্চলে ভ্রমণের আনন্দ ষোলো আনা উপভোগ করতে চাইলে কোন দেশে কখন যাওয়া উচিত, তা আগেভাগেই জেনে নেওয়া ভালো। সাধারণভাবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসকে এই অঞ্চলের বেশির ভাগ দেশ ভ্রমণের সেরা সময় ধরা হয়। তখন আবহাওয়া থাকে শুষ্ক ও আরামদায়ক। অন্যদিকে জুন থেকে অক্টোবর পর্যন্ত চলে বর্ষা মৌসুম। এ সময়কে ধরা হয় অফ-সিজন। এই অফ-সিজনে ভ্রমণেরও কিছু চমৎকার সুবিধা আছে। যেমন এ সময় বিমানভাড়া ও হোটেলের খরচ অনেক কম থাকে এবং ভিড় ছাড়াই শান্তিতে দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখা যায়।

থাইল্যান্ড

নভেম্বর থেকে এপ্রিলের প্রথম দিক পর্যন্ত থাইল্যান্ড ভ্রমণের জনপ্রিয় সময়। তবে দেশটির কোন উপকূলে যাচ্ছেন, তার ওপর আবহাওয়ার অনেক কিছু নির্ভর করে।

পশ্চিম উপকূলের ক্রাবি বা ফি ফি দ্বীপপুঞ্জের দিকে নভেম্বর থেকে এপ্রিল ভ্রমণের আদর্শ সময়। এ সময় আকাশ থাকে মেঘমুক্ত আর সমুদ্র থাকে শান্ত। মে থেকে অক্টোবর পর্যন্ত এখানে ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্র থাকে। পূর্ব উপকূলের কো সামুই, কো ফাংগান, কো তাও অঞ্চল ভ্রমণের সেরা সময় জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত।

এর মধ্যে ফেব্রুয়ারি থেকে আগস্ট সবচেয়ে শুষ্ক মৌসুম। এখানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বর্ষা নামার প্রবণতা থাকে। দেশটির আবহাওয়া সবচেয়ে গরম থাকে এপ্রিল মাসে এবং সবচেয়ে বেশি বৃষ্টি হয় সেপ্টেম্বর মাসে। থাইল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে নভেম্বর মাস বেছে নিন। এ সময় দেশটির বিশ্ববিখ্যাত ফানুস উৎসব য়ি পেং অনুষ্ঠিত হয়।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে বছরজুড়ে ভ্রমণের জন্য ভালো আবহাওয়া থাকে। এখানে মূলত অক্টোবর থেকে মার্চ বর্ষাকাল এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিছুটা শুষ্ক গ্রীষ্মকাল থাকে। তবে দুই মৌসুমের মধ্যে খুব বেশি তফাত নেই। বৃষ্টি থাকা সত্ত্বেও নভেম্বর থেকে জানুয়ারির শুরুর দিক পর্যন্ত এখানে পর্যটকদের ভিড় বেশি থাকে। বিশেষ করে চাইনিজ নিউইয়ারের সময়। ভিড় এড়াতে চাইলে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ভ্রমণ করতে পারেন। এ সময় পর্যটকদের চাপ কম থাকে এবং আবহাওয়া কিছুটা গরম থাকে। অন্যদিকে জুন থেকে আগস্ট সবচেয়ে শুষ্ক সময় হলেও এই সময়ে হঠাৎ বজ্রঝড় ও তীব্র আর্দ্রতার মুখোমুখি হওয়া স্বাভাবিক।

মালয়েশিয়া

মালয়েশিয়ায় মূলত সারা বছর প্রচুর রোদ এবং উচ্চ তাপমাত্রার পাশাপাশি বৃষ্টিপাত থাকে। তবে উপদ্বীপটির কোন দিকে আপনি যাচ্ছেন, তার ওপর নির্ভর করে ভ্রমণের সময় নির্ধারণ করতে হবে। পশ্চিম উপকূলীয় দ্বীপপুঞ্জের দিকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সেরা সময়। পূর্ব উপকূলের পেরহেনতিয়ান দ্বীপপুঞ্জ বা টিওমান দ্বীপের দিকে জুন থেকে আগস্ট ভ্রমণের আদর্শ সময়।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় সারা বছর গড় তাপমাত্রা থাকে ২৮ ডিগ্রি সেলসিয়াস। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুষ্ক মৌসুম এবং অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বর্ষাকাল থাকে দেশটিতে। আপনি যদি বালি, লম্বক বা কমোডো ন্যাশনাল পার্কে ডাইভিং করতে চান কিংবা কোনো জীবন্ত আগ্নেয়গিরিতে চড়তে চান, তবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের শুষ্ক মাসগুলো বেছে নিন। ভালো আবহাওয়া ও কম ভিড়ের জন্য মে, জুন এবং সেপ্টেম্বর মাস সবচেয়ে উপযোগী।

সূত্র: হাইলাইটস, ট্রিপ অ্যাডভাইজার

এস্তাদিও আজতেকার গল্প

মধ্য়প্রাচ্য়ের বিকল্প যেসব গন্তব্যে যাচ্ছে পর্যটকেরা

এভারেস্টে তিন রেকর্ড

স্বাদ ভ্রমণে এশিয়ার সেরা ৪

জাহাজডুবি থেকে বেঁচে যাওয়া এক কৃষ্ণাঙ্গ ক্রীতদাস যেভাবে যুক্তরাষ্ট্রের প্রথম অভিযাত্রী হলেন

পৃথিবীর রোমান্টিক ৫ ভ্রমণ গন্তব্য

কম টাকায় বিশ্বভ্রমণ, বুদ্ধিমান পর্যটকের গোপন কৌশল

ঘুরে আসুন মণিপুরি জাদুঘর

স্কাইট্র্যাক্সের ফাইভ স্টার রেটিংয়ে রাজত্ব এশিয়ার

অপরাধ দমনে পর্যটকদের থাকার মেয়াদ কমাল থাইল্যান্ড