সকালের নাশতায় টোস্টের ওপর মাখন বা পিনাট বাটার অনেকে খেয়ে থাকেন। তবে একটু ভিন্ন কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন লেমন কার্ড। ক্রিমি, স্মুথ ও টক-মিষ্টি স্বাদের এই স্প্রেডটি আপনার ব্রেকফাস্টের স্বাদ বাড়িয়ে দেবে কয়েক গুণ। সাধারণত এটি ডেজার্টের টপিং হিসেবে ব্যবহার করা হলেও রিফাইনড চিনি বা মাখন বাদ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে ঘরেই এটি তৈরি করা সম্ভব। সবচেয়ে বড় কথা, আপনি চাইলে ডিম দিয়ে কিংবা ডিম ছাড়াও এটি বানিয়ে নিতে পারেন।
তাজা লেবুর রস: আধা কাপ (২-৩টি লেবু)
লেবুর খোসার কুচি: ১টি লেবুর
গোটা ডিম: ২টি
ডিমের কুসুম: ১টি
মধু: ২ টেবিল চামচ
নারকেল তেল: ১ টেবিল চামচ
প্রথমে একটি হিটপ্রুফ বাটিতে ডিম, ডিমের কুসুম, লেবুর রস, জেস্ট এবং মধু একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। এবার বাটিটি ফুটন্ত পানির ওপর একটি সস প্যানের ওপর বসিয়ে ডাবল বয়লার পদ্ধতিতে রান্না করুন। মিশ্রণটি ঘন কাস্টার্ডের মতো না হওয়া পর্যন্ত একটানা ৮-১০ মিনিট নাড়তে থাকুন। চুলা থেকে নামিয়ে নারকেল তেল মিশিয়ে মসৃণ করে নিন। ঠান্ডা হওয়ার পর একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।
তাজা লেবুর রস: আধা কাপ (কমপক্ষে ২টি লেবু)
লেবুর খোসা কুচি: ১টি লেবুর
ম্যাপল সিরাপ: কোয়ার্টার কাপ
আনসুইটেনেড নারকেল দুধ বা আমন্ড মিল্ক: ১ কাপ
কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ
নারকেল তেল: ১ টেবিল চামচ
একটি ছোট সস প্যানে লেবুর রস, জেস্ট, ম্যাপল সিরাপ এবং নারকেল দুধ একসঙ্গে মিশিয়ে নিন। এবার এতে ধীরে ধীরে কর্নফ্লাওয়ার মেশাতে থাকুন, যাতে কোনো দলা পেকে না যায়। মাঝারি আঁচে পাঁচ মিনিট ধরে বা মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকুন। নামানোর আগে নারকেল তেল মিশিয়ে মসৃণ করুন। ঠান্ডা করে ফ্রিজে রেখে ব্যবহার করুন।
রুটি ও বেকড আইটেম: টোস্ট, মাফিন ও প্যানকেক।
ডেজার্ট: কেক, কাপকেক, চিজ কেক ও টার্ট।
দুগ্ধজাত খাবার: দই ও ওটমিল।
ফলমূল: স্ট্রবেরি, ব্লুবেরি, রাস্পবেরি, কলা ও কিউই।
বাজারের কেনা লেমন কার্ডে প্রচুর রিফাইনড চিনি থাকে। সেগুলো স্থূলতা ও হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই চিনি ও মাখনের বদলে স্বাস্থ্যকর বিকল্প বেছে নিতে পারেন। রিফাইনড চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন, যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। মাখনের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করলে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল বাড়ার ঝুঁকি থাকে না।
- লেবুতে বেশি অ্যাসিড থাকায় অতিরিক্ত খেলে বুকজ্বালা বা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে।
- যাঁদের ডিমে অ্যালার্জি আছে, তাঁরা ডিম ছাড়া ভেগান রেসিপিটি অনুসরণ করতে পারেন।
- লেবুর রসে পটাশিয়াম ও সাইট্রিক অ্যাসিড থাকে, তাই কিডনি রোগীদের এটি পরিমিত খাওয়া উচিত।
সূত্র: হেলথ শর্টস