হোম > জীবনধারা > ফিচার

কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর

ফিচার ডেস্ক, ঢাকা 

কফি হয়ে উঠেছে নাগরিক জীবন, আড্ডা, কাজ ও স্থানীয় সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। ছবি: পেক্সেলস

সকালের ব্যস্ততা শুরু হওয়ার ঠিক আগে কিংবা দুপুরের ক্লান্তিকর কাজের ফাঁকে দেহ-মন চনমনে রাখার সহজ উপায় এক কাপ গরম চা বা কফিতে চুমুক দেওয়া। এই এক কাপ তরল ক্লান্তি দূরে সরিয়ে প্রাণবন্ত রাখতে পারে। চায়ের পাশাপাশি আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠেছে কফি। কিন্তু এটি কি শুধুই ক্লান্তি দূর করে? অনেকের কাছে কফি শুধু ক্লান্তি দূর করার উপায় নয়। এটি এখন হয়ে উঠেছে নাগরিক জীবন, আড্ডা, কাজ ও স্থানীয় সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। বিশ্বের কোনো শহরে ক্যাফেগুলো অলিগলিতে ছড়িয়ে আছে। আর কোথাও ঐতিহ্যবাহী কফি সংস্কৃতি নতুন বাস্তবতায় বদলে যাচ্ছে। বিভিন্ন সময়ের পরিসংখ্যান ও গবেষণায় উঠে এসেছে সেই চিত্র।

ইউরোপের ক্যাফে রাজধানী ডাবলিন

ইউরোপের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ রাজধানীগুলোর কথা উঠলেই সাধারণত প্যারিস বা ভিয়েনার নাম আগে আসে। কিন্তু ক্যাফের ঘনত্বে সবাইকে পেছনে ফেলে দিয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন। লাইফস্টাইল গবেষণা প্ল্যাটফর্ম ইচনাইট ডটকমের এক গবেষণায় দেখা গেছে, ইউরোপের ৩০টি দেশের রাজধানীর মধ্যে ডাবলিনে প্রতি ১০ লাখ বাসিন্দার বিপরীতে আছে ৪৪১ দশমিক ৫৮টি ক্যাফে। সংখ্যাটি প্যারিসের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি। অর্থাৎ মাত্র ৫ লাখের কিছু বেশি মানুষের এই শহরে ছড়িয়ে আছে প্রায় ২৩২টি ক্যাফে। আর এই ক্যাফেগুলো ডাবলিনবাসীর প্রতিদিনের সামাজিক মেলামেশা ও সাহিত্য-আড্ডার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে।

ক্যাফেগুলো এখন প্রতিটি শহরের মানুষের একাকিত্ব কাটানো, কাজের ফাঁকে একটু জিরিয়ে নেওয়া এবং একে অপরের সঙ্গে যুক্ত থাকার জীবন্ত গল্প বলে। ছবি: পেক্সেলস

ব্রাইটন ও বার্মিংহাম: ছোট উদ্যোক্তাদের জয়গান

যুক্তরাজ্যের সমুদ্রতীরবর্তী শহর ব্রাইটনের গল্পটা একটু আলাদা। সেখানে বড় কোনো করপোরেট চেইন শপ নয়, বরং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজস্ব ক্যাফেগুলোই শহরের প্রাণ। ক্যাপিটাল অন টপের এ বছরের ইউকে কফি রিপোর্ট অনুযায়ী, যুক্তরাজ্যের ৩০টি বড় শহরের মধ্যে ব্রাইটনে প্রতি ১ লাখ বাসিন্দার জন্য ৫৭ দশমিক ৭টি স্বতন্ত্র কফি শপ রয়েছে। এর ৭৩ দশমিক ৯ শতাংশই বড় চেইনের বাইরে স্থানীয় বাসিন্দাদের পরিচালিত।

আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে একই চিত্র। ক্ষুদ্র ব্যবসা বিশ্লেষক হোম বেজের এ বছরের তথ্য অনুযায়ী প্রতি লাখে ১১৪ দশমিক ৯টি স্থানীয় কফি শপ নিয়ে শীর্ষে উঠে এসেছে আলাবামার বার্মিংহাম। এর আগে ২০১৯ সালে অ্যাপার্টমেন্ট গাইডের র‍্যাঙ্কিংয়ে ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরে প্রতি ২ হাজার ৭৩ জনের জন্য একটি করে কফি শপের হিসাব পাওয়া গিয়েছিল। এসব পরিসংখ্যান বলে দেয়, মানুষ এখন যান্ত্রিকতার বাইরে গিয়ে পাড়ার পরিচিত ও নিজস্ব আবহের ক্যাফেগুলোতে বেশি স্বস্তি খুঁজে পায়।

সিউল: কর্মব্যস্ত জীবনে কফি যখন অক্সিজেন

দক্ষিণ কোরিয়ায় কফি শপের বিস্তার রীতিমতো বিস্ময়কর। দেশটির জাতীয় কর সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় নিবন্ধিত কফি ও পানীয়ের দোকান ছিল ৪৫ হাজার ২০৩টি, যা গত সাত বছরে ১১১ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে এর সংখ্যা পৌঁছায় ৯৬ হাজার ৮০টিতে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে এর সংখ্যা ছিল ৯৫ হাজার ৩৩৭টি। অর্থাৎ দেশটিতে গড়ে প্রতি ৫৪০ জনের জন্য একটি করে ক্যাফে রয়েছে। সিউলের মতো ব্যস্ত শহরে কফি শপগুলো কেবল কফি পানের জায়গা নয়; ছোট ফ্ল্যাটের শহরে এগুলো তরুণদের পড়াশোনা, অফিসের কাজ (ক্যাফে ওয়ার্ক) এবং বন্ধুদের সঙ্গে নির্ভার সময় কাটানোর প্রধান ঠিকানা।

পুরোনো ঐতিহ্যের বদলে যাওয়া রূপ

একদিকে যেমন নতুন ক্যাফে সংস্কৃতি বাড়ছে, অন্যদিকে পুরোনো কিছু ধারায় আসছে পরিবর্তন। জাপানের ঐতিহ্যবাহী কিসাতেন কফি শপের সংখ্যা ১৯৮১ সালে ছিল প্রায় ১ লাখ ৫৫ হাজার। কিন্তু ২০২১ সালে তা কমে ৫৮ হাজার ৭০০টিতে নেমে আসে। একইভাবে ইতালির ব্যবসায়ী সংগঠন ফিপে-কনফকমার্শিওর হিসাবে, দেশটির পাড়ার কফি বারগুলোর সংখ্যা ২০১৯ সালে প্রায় দেড় লাখ থেকে কমে ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ৯১৭টিতে নেমে আসে। যদিও এসব বারে এখনো প্রতিদিন প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ কফির কাপে চুমুক দেন।

এই পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, কফি সংস্কৃতির রূপান্তর কেবল পানীয়ের পছন্দের ওপর নির্ভর করে না। এর পেছনে কাজ করে স্থানীয় অর্থনীতি, শহরগুলোর কাজের ধরন ও ঐতিহ্যের বিবর্তন। যেখানে তরুণ প্রজন্ম বা স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা নতুন কাজ ও আড্ডার পরিসর খুঁজছেন, সেখানে স্বতন্ত্র ক্যাফে বা দ্রুত বেড়ে ওঠা ক্যাফে সংস্কৃতি জায়গা করে নিচ্ছে। আবার যেখানে ঐতিহ্যবাহী কাঠামো বা বাজারের প্রতিযোগিতা বদলাচ্ছে, সেখানে পুরোনো ঘরানার ক্যাফে বা বারের সংখ্যা কমে যাচ্ছে।

সব মিলিয়ে কফি ঘিরে গড়ে ওঠা এই ক্যাফেগুলো কেবল ব্যবসার হিসাব নয়; এর মাঝে লুকিয়ে আছে সংস্কৃতি ও জীবনযাপনের অনেক কিছু। এই ক্যাফেগুলো এখন প্রতিটি শহরের মানুষের একাকিত্ব কাটানো, কাজের ফাঁকে একটু জিরিয়ে নেওয়া এবং একে অপরের সঙ্গে যুক্ত থাকার জীবন্ত গল্প বলে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, ক্যাপিটাল অন টপ, ইচনাইট ডটকম