হোম > জীবনধারা > ফিচার

বিশেষজ্ঞ নিয়োগ করে বইয়ের তাক সাজাচ্ছেন অতি ধনীরা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: দ্য ন্যাশনাল

বিরল সংস্করণের বই থেকে শুরু করে লাখ ডলারের ব্যক্তিগত সংগ্রহ—বইয়ের তাক সাজানো এখন বিশ্বের অতি ধনীদের কাছে বিলাসিতা ও আভিজাত্যের নতুন প্রতীক হয়ে উঠেছে। নিজেদের বাড়ি, অবকাশযাপন কেন্দ্র কিংবা বিলাসবহুল প্রমোদতরিতে ব্যক্তিগত পাঠাগার গড়ে তুলতে তাঁরা রীতিমতো বিশেষজ্ঞ নিয়োগ করছেন। তাঁদের কাজ শুধু বই সংগ্রহ নয়; বাড়ির মালিকের রুচি, ব্যক্তিত্ব, আগ্রহ ও জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি পরিপূর্ণ পাঠাগার সাজিয়ে দেওয়া।

ব্রিটিশ বই ব্যবসায়ী ব্ল্যাকওয়েল পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য ফিলিপ ব্ল্যাকওয়েল এমনই একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাঁর প্রতিষ্ঠান ‘আলটিমেট লাইব্রেরি’ বিশ্বের বিভিন্ন দেশের ধনী গ্রাহকদের বাড়ি, অবকাশযাপন কেন্দ্র ও প্রমোদতরির জন্য বই সংগ্রহ ও পাঠাগার সাজানোর কাজ করে। সম্প্রতি মাত্র তিন সপ্তাহের মধ্যে এক গ্রাহকের জন্য এক হাজার বই সংগ্রহের দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে একসঙ্গে ১০ হাজার বইয়ের সংগ্রহও সাজিয়েছেন।

ব্ল্যাকওয়েলের ভাষ্য মতে, ধনী গ্রাহকেরা সাধারণত দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করতে চান। বিশেষ করে তাঁদের প্রধান বাসস্থান নয়, এমন বাড়িগুলোকে ঘরের মতো আপন করে তুলতে বইয়ের বিকল্প নেই। তিনি বলেন, ‘বই একটি বাড়িকে সত্যিকারের ঘরে পরিণত করে।’

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এমন আরও কয়েকটি প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে, যেগুলো পাঠাগার সাজানোর কাজে যুক্ত। যুক্তরাষ্ট্রের ওয়াইওমিংভিত্তিক ‘ফক্সটেইল বুকস অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস’-এর প্রতিষ্ঠাতা ক্রিস্টি স্মিরল জানান, গ্রাহকদের চাহিদা একেক রকম। কেউ প্রথম সংস্করণের বই চান, কেউ নির্দিষ্ট বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বই সংগ্রহ করতে আগ্রহী। আবার কেউ শুধু হার্ডকভার, নির্দিষ্ট শহরকে কেন্দ্র করে লেখা বই কিংবা নির্দিষ্ট রঙের মলাটের বই দিয়ে পাঠাগার সাজাতে চান। কোনো কোনো ক্ষেত্রে একটি বইয়ের দামই ১০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

বিশেষজ্ঞরা জানান, বই নির্বাচনের ক্ষেত্রে তাঁরা গ্রাহকের আগ্রহ, পাঠকের মতামত, বইয়ের সমালোচনা ও নিজেদের পড়াশোনার অভিজ্ঞতা কাজে লাগান। পাশাপাশি পুরোনো ও দুর্লভ বইয়ের বাজার, অনলাইন নিলাম এবং প্রকাশকদের সঙ্গে যোগাযোগ রাখেন। অনেক সময় বাজারে আর পাওয়া যায় না—এমন গুরুত্বপূর্ণ বইয়ের অবশিষ্ট কয়েক শ কপি প্রকাশকদের কাছ থেকে সংগ্রহ করেন তাঁরা।

যুক্তরাজ্যভিত্তিক ‘বিওক্স বুকস’-এর প্রতিষ্ঠাতা ক্লেয়ার ট্রিমিংয়ের মতে, বিষয়টি অনেকটা বিশেষভাবে তৈরি পোশাকের মতো। একটি বাড়ির বিশাল বইয়ের তাক শুধু বই দিয়ে পূর্ণ করলেই হয় না, সেখানে থাকতে হয় বৈচিত্র্য ও মানের সমন্বয়। ৫০০টি নির্বাচিত বই সংগ্রহ করতেও কখনো তিন থেকে ছয় মাস সময় লাগে। তাঁর প্রতিষ্ঠান মূলত শিল্পকলা ও নকশাবিষয়ক বই সংগ্রহে বিশেষায়িত।

বইয়ের এই বাজারে নান্দনিকতার গুরুত্বও বাড়ছে। ইতালিভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান ‘দামিয়ানি বুকস’-এর প্রধান নির্বাহী সিলভিয়া পেসি জানান, এখন বইকে শুধু পড়ার উপকরণ নয়, আকর্ষণীয় বস্তু হিসেবেও বিবেচনা করছেন অনেকে। উন্নত মানের কাগজ, নিখুঁত মুদ্রণ, নির্বাচিত ছবি এবং ইতালির দক্ষ কারিগরদের হাতে তৈরি বাঁধাই—সব মিলিয়ে বই হয়ে উঠছে বিলাসবহুল পণ্য।

বিশেষজ্ঞদের মতে, বই মানুষের ব্যক্তিত্ব ও রুচির পরিচয় বহন করে। দামি ঘড়ি বা শিল্পকর্মের মতো বইও সামাজিক মর্যাদা প্রকাশের মাধ্যম হয়ে উঠছে। কেউ কেউ বসার ঘরের টেবিলে নির্দিষ্ট ব্র্যান্ড বা বিষয়ভিত্তিক বই রাখেন। আবার অনেকে ঘরের সাজসজ্জার সঙ্গে মিলিয়ে বইয়ের রং ও আকার নির্বাচন করেন। তবে বই শুধু দেখানোর জন্য কেনা হচ্ছে—এমন ধারণার সঙ্গে একমত নন সংশ্লিষ্ট পেশাজীবীরা।

ব্ল্যাকওয়েল এখন বই নির্বাচনের পাশাপাশি অন্দরসজ্জাবিদদের সঙ্গেও কাজ করেন। কোথাও বই বিষয় অনুযায়ী, কোথাও উচ্চতা অনুসারে সাজানো হয়। অনেক গ্রাহকের কাছে আগে থেকেই থাকা হাজারো বই গোছানো, অপ্রয়োজনীয় বই বাদ দেওয়া এবং নতুন বাড়িতে সুশৃঙ্খলভাবে সাজিয়ে দেওয়াও তাঁদের কাজের অংশ।

সব মিলিয়ে ব্যক্তিগত পাঠাগার এখন আর কেবল বই পড়ার জায়গা নয়; এটি হয়ে উঠছে আভিজাত্য, ব্যক্তিগত রুচি ও সাংস্কৃতিক পরিচয়ের সম্মিলিত প্রকাশ।