জীবনসঙ্গীর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই বিশেষ। কিন্তু প্রতিদিনের চেনা রুটিন থেকে বেরিয়ে মাঝে মাঝে ডেটে যাওয়া সম্পর্কের মাধুর্য আর রোমাঞ্চ বহুগুণ বাড়িয়ে দেয়। বলছি নিজেদের মুড এবং সময় অনুযায়ী জীবনসঙ্গীকে নিয়ে কখন কেমন ডেটে যেতে পারেন, তা একটু জেনে রাখুন। ঝগড়া-বিবাদ বা মনোমালিন্যের দিনগুলোয় কাজে আসবে।
ছুটির দিনের সকালে, যখন অ্যালার্মের তাড়াহুড়ো থাকে না, তখনই এই ডেট করার সেরা সুযোগ মিলতে পারে। সকালে নাশতার পর দুজনে মিলে গরম চা বানিয়ে নিন। এরপর চলে যান বারান্দায়। হালকা রোদে বসে কোনো সিরিয়াস কথা নয়, শুধু অলস গল্প, চায়ে চুমুক আর পছন্দের গান শুনেই কাটুক সময়টুকু। চাইলে একে অপরকে মজার কোনো কমিকস বা খবরের কাগজের অদ্ভুত কোনো খবর পড়ে শোনাতে পারেন।
সামনেই শীত। এই ডেটের জন্য তৈরি হয়ে নিন আগেভাগেই। শীতের মিষ্টি দুপুরে প্রিয়জনকে রিকশায় নিয়ে বেরিয়ে পড়ুন শহরের চেনা কোনো রাস্তায়। হুড ফেলে দিয়ে শহরের বাতাস গায়ে মাখুন। দুজনে মিলে চলে যান আপনাদের পুরোনো কোনো প্রিয় জায়গায়; যেখানে আপনারা সম্পর্কের শুরুতে আড্ডা দিতেন। রাস্তার ধারের ফুচকা, চটপটি বা ঝালমুড়ি চেখে দেখতে পারেন। কে বেশি ঝাল খেতে পারে, তা নিয়ে বাজি ধরলে দারুণ মজা হবে!
কর্মব্যস্ত দিনের শেষে যখন মন একটু স্বস্তি খোঁজে, সে সময়ে এই ডেট সেরে ফেলুন। শহরেই কোনো নদীর পাড়ে, কোনো ব্রিজের ওপর কিংবা কোনো বহুতল ভবনের ছাদে চলে যান, যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। গোধূলির লালিমা ছড়ানো সময়ে কোনো কথা না বলে শুধু একে অপরের হাত ধরে থাকাটাই এক অদ্ভুত শান্তি দেয়। ছবি তোলার পাগল হলে এই সময়ে একে অপরের মজার সব ক্যান্ডিড ছবি তোলার চেষ্টা করতে পারেন।
বিবাহবার্ষিকী, জন্মদিন বা যেকোনো বিশেষ অর্জনের রাতে ঘটা করে ডেট করুন। আলমারি থেকে সুন্দর পোশাকটি বের করুন। দুজনেই একদম পরিপাটি হয়ে কোনো চমৎকার রেস্তোরাঁয় যান, যেখানে হালকা মিউজিক আর মোমবাতির আলো থাকবে। রেস্তোরাঁয় গিয়ে একে অপরের জন্য মেনু কার্ড দেখে খাবার অর্ডার করুন। অর্থাৎ, আপনি যা পছন্দ করবেন, তা আপনার সঙ্গী খাবে, আর সঙ্গী যা পছন্দ করবে, তা আপনি খাবেন। এতে খাবারের টেবিলে সারপ্রাইজ আর হাসির রোল উঠবে!
সাপ্তাহিক ছুটির দিনের আগের মাঝরাতে, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন সোফায় চাদর গায়ে দিয়ে বসুন স্ক্রিনের সামনে। কোথাও যাওয়ার দরকার নেই, ঘরের লাইট বন্ধ করে ল্যাপটপ বা টিভির সামনে বসে পড়ুন। সঙ্গে রাখুন এক বড় বাটি পপকর্ন বা আইসক্রিম। কোনো হরর সিনেমা বা থ্রিলার সিরিজ দেখতে পারেন। ভুতুড়ে দৃশ্যে কে বেশি ভয় পেয়ে কাকে জড়িয়ে ধরছে, তা নিয়ে পরদিন সকালে একে অপরকে ক্ষ্যাপাতে পারবেন!
তপ্ত কোনো দুপুরে বা মিষ্টি বিকেলে, যখন মনটা একটু ঠান্ডা কিছু চায়, সেই সময় কোনো আইসক্রিম পারলারে চলে যান। অথবা রাস্তার ধারের ভ্যান থেকেই কিনে নিন কাঠি বা কোন আইসক্রিম। এরপর হাঁটতে হাঁটতে আইসক্রিম খাওয়া শুরু করুন। আইসক্রিম গলে হাত দিয়ে পড়ার আগেই কে শেষ করতে পারে, তা নিয়ে একটা প্রতিযোগিতা হয়ে যাক! আর হ্যাঁ, একে অপরের গাল বা নাকে আলতো করে আইসক্রিম মাখিয়ে দেওয়ার মিষ্টি দুষ্টুমি তো বোনাস।
দুজনেই সারা দিন অফিসের পর একসঙ্গে বাড়ি ফিরছেন? কোনো নান্দনিক ক্যাফেতে জানালার পাশের টেবিলটা বেছে নিন। আপনারা ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দেবেন চোখে চোখ রেখে। সঙ্গে থাকতে পারে হালকা স্ন্যাকস আর ব্যাকগ্রাউন্ডে মৃদু কোনো গান। কফির কাপের ফোম দিয়ে একে অপরের মুখে মজার গোঁফ বা দাড়ি বানিয়ে ছবি তুলতে পারেন। অথবা কফির কাপ হাতে নিয়ে ভবিষ্যৎ নিয়ে কোনো কাল্পনিক ও মজার গল্প ফাঁদতে পারেন।
ডেট মানেই দামি রেস্তোরাঁ বা অনেক খরচের ব্যাপার নয়; আসল ডেট হলো একে অপরকে দেওয়া কিছুটা কোয়ালিটি টাইম। তাহলে আর দেরি কেন? আজই আপনার ঠিক করে ফেলুন পরবর্তী ডেটের পরিকল্পনা!
সূত্র: বেষ্ট সেলফ অবলম্বনে