দুর্গাপূজার সূচনা হয় মহাষষ্ঠীর হাত ধরে। এই বিশেষ দিনটিতে মণ্ডপে মণ্ডপে দেবীর বোধন ঘটে, আর চারপাশে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। পূজার প্রথম দিন বলেই ষষ্ঠীর সাজে থাকা চাই এক স্নিগ্ধ, সতেজ ও হালকা মেজাজ। ভারী সাজগোজ তোলা থাক অষ্টমী বা নবমীর জন্য, ষষ্ঠীর সকাল আর সন্ধ্যা কাটুক আরামদায়ক অথচ নজরকাড়া ফ্যাশনে। ষষ্ঠীর দিনটিতে নিজেকে কীভাবে সাজিয়ে তুলবেন, একবার নজর বুলিয়ে নিতে পারেন।
ষষ্ঠীর সকালের জন্য সুতি বা লিনেনের পোশাক আরামদায়ক। অন্যদিকে সন্ধ্যার আলোয় একটু জমকালো কিন্তু ওজনে হালকা পোশাক বেছে নেওয়া ভালো। সুতি, লিনেন, খাদি বা অরগ্যাঞ্জা শাড়ি ষষ্ঠীর সকালের জন্য দারুণ মানানসই। প্যাস্টেল শেড, লেমন ইয়োলো, পিচ, সি-গ্রিন বা হালকা গোলাপি রঙের শাড়ি পরতে পারেন। শাড়ি ছাড়াও ফ্লোরাল প্রিন্টের কুর্তি, আনারকলি বা টিউনিক পরলে দেখতে বেশ সতেজ লাগে। রাতের মণ্ডপ পরিক্রমার জন্য বেছে নিতে পারেন সিল্ক, জামদানি বা জর্জেটের শাড়ি। রং হিসেবে একটু উজ্জ্বল থিম বেছে নিন, যেমন ফিরোজা, রানি গোলাপি, বাসন্তী বা ল্যাভেন্ডার। যাঁরা শাড়ি পরতে চান না, তাঁরা ঘাগরা-চোলি, লং শ্রাগযুক্ত ইন্দো-ওয়েস্টার্ন ফিউশন ড্রেস বা সালোয়ার-কামিজ পরতে পারেন।
গরম আর ঘোরাঘুরির কথা মনে রেখে ষষ্ঠীর মেকআপ হওয়া উচিত একদম হালকা এবং ন্যাচারাল। মুখ ভালো করে পরিষ্কার করে প্রাইমার ও হালকা বিবি ক্রিম বা সিসি ক্রিম লাগান। খুব বেশি ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। এরপর ফেস পাউডার দিয়ে বেস সেট করে নিন। চোখে হালকা কাজল এবং মাসকারা ব্যবহার করুন। চাইলে ন্যুড বা আর্থি টোনের, যেমন হালকা বাদামি বা পিচ, আইশ্যাডো লাগাতে পারেন। গালে হালকা ব্লাশন ছোঁয়াতে পারেন। ঠোঁটের জন্য সকালের দিকে ন্যুড, পিচ বা হালকা গোলাপি লিপস্টিক এবং সন্ধ্যার জন্য একটু গাঢ় শেডের ম্যাট লিপস্টিক বেছে নিন। সবশেষে কপালে পোশাকের সঙ্গে মিলিয়ে একটি ছোট্ট টিপ পরতে ভুলবেন না, যা আপনার বাঙালি লুক সম্পূর্ণ করবে।
পূজার দিনে চুলে এমন কাট বা স্টাইল করা উচিত, যা গরমেও আপনাকে স্বস্তি দেবে। চুল সিল্কি হলে একপাশে কার্ল করে বা স্ট্রেট করে ছেড়ে রাখতে পারেন। গরম লাগলে পেছনে একটা ক্যাজুয়াল মেসি বান খোঁপা করে নিয়ে তাতে দু-একটি তাজা ফুলের মালা জড়িয়ে নিন। সামনের চুল কিছুটা টুইস্ট করে পেছনে ফ্রেঞ্চ বিনুনি বা হাই-পনিটেইল করলেও বেশ স্মার্ট দেখাবে।
ষষ্ঠীর দিন ভারী সোনার গয়না তুলে রেখে একটু ট্রেন্ডি কালেকশন ট্রাই করুন। সুতি বা জামদানির সঙ্গে অক্সিডাইজড রুপা, কাঠের গয়না, কাপড়ের জুয়েলারি বা হালকা পার্লের কালেকশন খুব ভালো মানায়। কানে বড় ঝুমকা পরলে গলায় কিছু না পরাই ভালো। মণ্ডপে মণ্ডপে ঘুরতে হবে, তাই আরামদায়ক জুতা বেছে নেওয়া জরুরি। কোলাপুরী চটি বা ফ্ল্যাট স্যান্ডেল পরুন। হিল জুতা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। শাড়ি বা কুর্তির সঙ্গে ম্যাচিং করে একটি ছোট ব্যাগ বা স্লিং ব্যাগ সঙ্গে রাখুন, যেখানে আপনার মোবাইল ফোন আর লিপস্টিক সহজে এঁটে যাবে।
ষষ্ঠীর মূলমন্ত্র হলো ‘লেস ইজ মোর’। উৎসবের প্রথম দিনটিতে নিজের স্বকীয়তা বজায় রেখে আরামদায়ক পোশাকে মেতে উঠুন শারদীয় আনন্দে।
সূত্র: ব্রিটানিকা ও অন্যান্য