হোম > জীবনধারা > জেনে নিন

শেষ হচ্ছে পাঁচ দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা

ফিচার ডেস্ক

শেষ হচ্ছে পাঁচ দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আয়োজনে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’ আজ শেষ হতে যাচ্ছে। গত বুধবার বিকেলে তেজগাঁও এর বিসিক ভবনে প্রধান অতিথি হিসেবে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী।

শেষ হচ্ছে পাঁচ দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা

দেশীয় চামড়া শিল্পের উন্নয়ন, প্রবৃদ্ধি ও নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ মেলার শেষ দিনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রাঙ্গণ উন্মুক্ত থাকছে। মেলাটির উদ্বোধনী দিনে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনের ওপর জোর দেন। তিনি ব্ল্যাক বেঙ্গল গোটের চামড়ার আন্তর্জাতিক স্বীকৃতির কথা উল্লেখ করেন। পাশাপাশি দেশের চামড়া ও চামড়াজাত পণ্যকে আধুনিক প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের উৎপাদনমুখী করার তাগিদ দেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনবল তৈরি ও সঠিক নীতিমালার কথা উল্লেখ করেন।

শেষ হচ্ছে পাঁচ দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা

শেষ দিনে মেলায় যা যা থাকছে

মেলায় মোট ৪৯টি স্টল রয়েছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা তাঁদের নান্দনিক ও বৈচিত্র্যময় পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। মোট ৪৯টি স্টলের মধ্যে ৪৩টিতে প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য এবং ৫টি স্টলে খাদ্য ও খাদ্যজাত পণ্য প্রদর্শিত ও বিক্রি হচ্ছে। বিসিক নকশা কেন্দ্র থেকে সরাসরি চামড়াজাত পণ্যের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি ঐতিহ্যবাহী হাজারীবাগের চামড়া শিল্প উদ্যোক্তারাও এতে অংশ নিয়েছেন। দেশের স্বনামধন্য চামড়াজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বে’ মেলায় অংশ নিয়েছে। এ ছাড়া বিসিকের সার্বিক কার্যক্রম ও সেবা সম্পর্কে দর্শনার্থীদের সরাসরি অবহিত করতে একটি তথ্যকেন্দ্রও স্থাপন করা হয়েছে।

পাঁচ দিনব্যাপী এই মেলা উদ্যোক্তাদের মানসম্পন্ন ও বৈচিত্র্যময় পণ্য প্রদর্শনের সুযোগ তৈরির পাশাপাশি ক্রেতা-ভোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সরাসরি যোগাযোগের এক চমৎকার মাধ্যম হয়ে উঠেছে। আজ রাত ৮টা পর্যন্ত তেজগাঁওয়ের বিসিক ভবনে কেনাকাটা ও ভ্রমণের এই সুবর্ণ সুযোগ উপভোগ করতে পারবেন সাধারণ দর্শনার্থীরা।