হোম > জীবনধারা > জেনে নিন

ফ্রিজের গন্ধ দূর করার দুটি উপায়

ফিচার ডেস্ক

আধুনিক ব্যস্ত জীবনে ফ্রিজ অন্যতম বড় ভরসা। সপ্তাহের বাজার সংরক্ষণ থেকে শুরু করে বেঁচে যাওয়া খাবার ভালো রাখতে ফ্রিজের জুড়ি নেই। তবে নিয়মিত ব্যবহারের ফলে ফ্রিজে প্রায়ই একধরনের গুমোট গন্ধ তৈরি হয়। কেটে রাখা কাঁচা পেঁয়াজ-রসুন কিংবা বিভিন্ন সস ও রান্না করা খাবারের ঘ্রাণ একসঙ্গে মিশে এই দুর্গন্ধের সৃষ্টি করে, যা সাধারণ খাবারেও ছড়িয়ে পড়ে খাবারের স্বাদ নষ্ট করে দেয়।

সম্প্রতি এই সমস্যা সমাধানে বিশ্বজুড়ে একটি অদ্ভুত অথচ সহজ কৌশল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেটি হলো ফ্রিজের ভেতরে এক রোল পেপার টাওয়েল রেখে দেওয়া। শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ঘরোয়া টোটকা ফ্রিজের অতিরিক্ত স্যাঁতসেঁতে ভাব এবং বাজে গন্ধ দূর করতে বেশ কার্যকর।

পেপার টাওয়েল কীভাবে কাজ করে

এই পদ্ধতিটি খুবই সহজ। একটি নতুন ও অব্যবহৃত পেপার টাওয়েলের রোল নিয়ে ফ্রিজের যেকোনো তাক বা এক কোনায় রেখে দিতে হয়। এর পেছনের মূল বিজ্ঞানটি হলো, অধিকাংশ পেপার টাওয়েলে অসংখ্য আণুবীক্ষণিক ছিদ্র থাকে, যা আশপাশের বাতাস থেকে দ্রুত জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে নিতে পারে। ফ্রিজের দরজা বারবার খোলার কারণে ভেতরে যে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়, এসব পেপার তা দ্রুত শুষে নেয়। আর আর্দ্রতা কমে যাওয়ার কারণে খাবারের দুর্গন্ধ সৃষ্টিকারী অণুগুলো বাতাসে বেশিক্ষণ ভেসে থাকতে পারে না।

আপনারও কি এটি ব্যবহার করা উচিত

আপনি যদি ফ্রিজের বাজে গন্ধ ও আর্দ্রতা দূর করতে একেবারেই সস্তা, তাৎক্ষণিক ও ঘরোয়া কোনো সমাধান চান, তবে এই পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন। এটি রান্না করা খাবারে দুর্গন্ধ ছড়ানো বন্ধ করতে বেশ দ্রুত কাজ করে।

বিকল্প সমাধান

পেপার টাওয়েলের চেয়ে ভালো ও দীর্ঘস্থায়ী বিকল্প হলো এক বাটি বেকিং সোডা ব্যবহার করা। বেকিং সোডা পেপার টাওয়েলের চেয়ে অনেক বেশি কার্যকরভাবে দুর্গন্ধ শুষে নেয় এবং ফ্রিজে জায়গাও কম নেয়।

পেপার টাওয়েল সাময়িকভাবে ফ্রিজের আর্দ্রতা ও গন্ধ দূর করলেও এটি স্থায়ী সমাধান নয়। ফ্রিজ পুরোপুরি গন্ধমুক্ত রাখতে নিয়মিত তাকগুলো পরিষ্কার করা, বাসি খাবার ফেলে দেওয়া এবং খাবার সব সময় ঢেকে রাখার অভ্যাস গড়ে তোলা ভালো উপায়।

সূত্র: রিডার’স ডাইজেস্ট