সকালের নাশতা মানেই কি প্রতিদিনের সেই চেনা ডিম-রুটি? স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে চোখ ফেরানো যেতে পারে তুরস্কের দিকে। দেশটিতে নাশতার টেবিলে জনপ্রিয় এক পদ মেনেমেন। টমেটোর রসাল স্বাদ, কাঁচা মরিচের ঝাঁজ আর ডিমের মেলবন্ধনে তৈরি সহজ অথচ দারুণ সুস্বাদু একটি খাবার। অল্প কিছু উপকরণ আর সামান্য সময়েই তৈরি করা যায় এই পদ। এক কামড়ে যেখানে মিশে যায় তুরস্কের সকালের উষ্ণতা, সেখানেই বাংলাদেশি রান্নাঘরেও মেনেমেন হয়ে উঠতে পারে নাশতার নতুন উপকরণ।
৪টি ডিম, ২টি পাকা টমেটো, ১টি সবুজ বেল পেপার বা কাঁচা মরিচ এবং ১টি পেঁয়াজ, ৩ টেবিল চামচ টমেটো পেস্ট, পরিমাণমতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আধা চা-চামচ শুকনো অরিগানো, ১ চা-চামচ আলেপ্পো পেপার, সামান্য কালো গোলমরিচ ও স্বাদমতো লবণ। বাড়তি ঝালের জন্য দিতে পারেন লাল মরিচের ফ্লেক্স। পরিবেশনের জন্য সঙ্গে রাখুন মোটা করে কাটা ক্রাস্টি রুটি।
প্যানে অলিভ অয়েল গরম করে কুচি করা পেঁয়াজ ও সবুজ মরিচ দিন। এক চিমটি লবণ দিয়ে যতক্ষণ না নরম ও সুগন্ধি হয়ে আসে, ততক্ষণ ভাজুন। এবার কুচি করে রাখা টমেটো, টমেটো পেস্ট, কালো গোলমরিচ, অরিগানো ও আলেপ্পো পেপার দিন। মাঝারি আঁচে যতক্ষণ না টমেটো নরম ও মিশ্রণটি ঘন হয়ে আসে, ততক্ষণ রান্না করুন। টমেটোর মিশ্রণটি এক পাশে সরিয়ে আঁচ কমিয়ে ফেটানো ডিম ঢেলে দিন। ডিম নরম ও তুলতুলে থাকা পর্যন্ত আলতো করে নাড়ুন। ডিম জমাট বাঁধলে টমেটোর মিশ্রণের সঙ্গে আলতো করে মিশিয়ে নিন। চুলা থেকে নামিয়ে ওপর থেকে সামান্য অলিভ অয়েল, আলেপ্পো পেপার ও লাল মরিচের ফ্লেক্স ছড়িয়ে দিন।
মেনেমেনের আসল সৌন্দর্য ফুটে ওঠে যখন এটি গরম-গরম টেবিলে আসে। সঙ্গে রাখুন মোটা করে কাটা ক্রাস্টি রুটি। সকালের নাশতা বা ছুটির দিনের ব্রাঞ্চে এটি হতে পারে চমৎকার একটি পদ।
মেনেমেন তাজা অবস্থায় খাওয়াই ভালো। কারণ, ঠান্ডা হওয়ার পর বা বারবার গরম করলে ডিমের নরম ও তুলতুলে ভাব অনেকটাই কমে যায়।
সূত্র: দ্য মেডিটেরেনিয়ান ডিশেস