হোম > জীবনধারা > জেনে নিন

ঠান্ডা আবহাওয়ায় চা কফি না, পান করুন গোল্ডেন মিল্ক

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

শীতের সকাল কিংবা সন্ধ্যা নামতেই বাতাসে হালকা হিমেল পরশ লাগে। আর তখন এক কাপ উষ্ণ পানীয় যেন শরীর ও মনে আলাদা আরাম এনে দেয়। চা বা কফির চেনা অভ্যাসের বাইরে দাঁড়িয়ে এই মৌসুমে অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠছে ‘গোল্ডেন মিল্ক’ বা মসলা মেশানো হলুদ দুধ। আমাদের ঘরের রান্নাঘরে থাকা পরিচিত কয়েকটি মসলার মেলবন্ধনে তৈরি এই পানীয় শীতের আবহাওয়ায় স্বাদ ও স্বস্তির এক চমৎকার সমন্বয় ঘটায়।

শীতের দিনে কেন উপকারী

শীতের শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় শরীরে জড়তা, গলা বা জয়েন্টের অস্বস্তি কিংবা সাধারণ ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে পারে। গোল্ডেন মিল্কে ব্যবহৃত আদা ও দারুচিনির স্বাভাবিক উষ্ণতা শরীরকে ভেতর থেকে আরাম দেয়। হলুদ ও আদায় থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শীতের সময়ে শরীরের স্বাচ্ছন্দ্য ও রোগ প্রতিরোধ ব্যবস্থার সহায়ক হিসেবে কাজ করে। আর সামান্য গোলমরিচ হলুদের কার্যকর উপাদান শরীরে শোষণে সাহায্য করে বলে এই মিশ্রণ আরও পূর্ণতা পায়।

মসলা বানাবেন যেভাবে

একটি ছোট বাটিতে ৪ টেবিল চামচ হলুদ গুঁড়া, ২ চা-চামচ শুকনা আদা গুঁড়া, ২ চা-চামচ দারুচিনি গুঁড়া, ১ চা-চামচ গোলমরিচ গুঁড়া এবং ঐচ্ছিক ১/৮ চা-চামচ জায়ফল ও ১/৮ চা-চামচ লবঙ্গ গুঁড়া নিন। সব মসলা চামচ বা হুইস্ক দিয়ে ভালোভাবে নেড়ে শুকনা এয়ারটাইট বয়ামে ভরে ঘরের তাপমাত্রায় বা ফ্রিজে সংরক্ষণ করুন বয়ামে রাখা উজ্জ্বল হলুদাভ-বাদামি গুঁড়া মসলার মিশ্রণ। এবার একটি ছোট সসপ্যানে ১ ভরা চা-চামচ গোল্ডেন মিল্ক মিক্স, ১-২ চা-চামচ পছন্দের মিষ্টি (মধু, গুড় বা চিনি) এবং ২ চা-চামচ গরম পানি নিন। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মসৃণ পেস্ট তৈরি করুন, যাতে দলা না থাকে। সসপ্যানে মসলা, মিষ্টি ও পানির মসৃণ ঘন পেস্ট।

ছবি: সংগৃহীত

দুধ মিশিয়ে হালকা গরম করুন

পেস্টের সঙ্গে ১ কাপ দুধ ঢেলে হুইস্ক বা চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন, যাতে মসলা সমানভাবে ছড়িয়ে যায়। মাঝারি আঁচে অনবরত নেড়ে হালকা গরম বা উষ্ণ হওয়া পর্যন্ত গরম করুন, তবে দুধ ফুটিয়ে টগবগ করাবেন না। কাপে ঢালা সোনালি-হলুদ রঙের উষ্ণ মসলা দুধ।

মনে রাখবেন

—মসলা মিক্স ৩ মাস পর্যন্ত ভালো থাকে। প্রতিদিন খেলে পরিমাণ দ্বিগুণ করে বানিয়ে রাখলে সময় বাঁচে।

—গরম-গরমের বদলে ঠান্ডা গোল্ডেন মিল্ক চাইলে গ্লাসে পেস্ট বানিয়ে কয়েক টুকরা বরফ ও ঠান্ডা দুধ দিয়ে নেড়ে নিতে পারেন। আর এই মসলা মিক্স স্যুপ বা সবজিতেও অল্প করে ব্যবহার করা যায়।

—সব মসলা একসঙ্গে মেশানো থাকায় কারও কোনো মসলায় অ্যালার্জি বা অ্যাসিডিটির সংবেদনশীলতা থাকলে পরিমাণ বুঝে ব্যবহার করা ভালো।

সব মিলিয়ে তীব্র শীতের রাতে কিংবা সন্ধ্যার অবসরে এক কাপ হালকা গরম গোল্ডেন মিল্ক হতে পারে সহজ, ঘরোয়া ও আরামদায়ক সঙ্গী।

সূত্র: মেডিকেল নিউজ টুডে, হেলথলাইন