হোম > জীবনধারা > জেনে নিন

টিকটকের নতুন ট্রেন্ড ওর্থ দ্য মানি: অর্থের অপচয় নাকি সঠিক বিনিয়োগ

ফিচার ডেস্ক, ঢাকা 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ইদানীং জনপ্রিয় হয়ে উঠেছে ওর্থ দ্য মানি ট্রেন্ড। এতে ক্রিয়েটররা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ৫টি জিনিস বা সেবার তালিকা শেয়ার করছেন, যা তাঁদের মতে ‘পয়সা উশুল’ বা ওর্থ দ্য মানি। ছবি: পেক্সেলস

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ইদানীং একটি ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একে বলা হচ্ছে ওর্থ দ্য মানি ট্রেন্ড। এতে ক্রিয়েটররা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ৫টি জিনিস বা সেবার তালিকা শেয়ার করছেন, যা তাঁদের মতে ‘পয়সা উশুল’ বা ওর্থ দ্য মানি। বিলাসবহুল স্কিন কেয়ার, ডিজাইনার হ্যান্ডব্যাগ থেকে শুরু করে ফ্লাইটের বিজনেস ক্লাস সিট। এই ইনফ্লুয়েন্সাররা যেটিকে নিজেদের জন্য সঠিক মনে করছেন, সেটাই দর্শক বা অনুসারীদের জন্য পরামর্শ হিসেবে তুলে ধরছেন। লাখ লাখ ভিউ পাওয়া এই ট্রেন্ড নিয়ে নিজেদের মতামত দিয়েছেন পেশাদার সার্টিফায়েড ফিন্যান্সিয়াল প্ল্যানাররা। অর্থনৈতিক বিশ্লেষকেরা অবশ্য এই ফরম্যাটকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। তবে তাঁরা সতর্ক করে বলছেন, একজন ইনফ্লুয়েন্সারের লাইফস্টাইলের ওপর ভিত্তি করে তৈরি তালিকা আপনার আর্থিক সুরক্ষার মাধ্যম হতে পারে না। কার জন্য কোনটি ‘পয়সা উশুল’, তা নির্ভর করে ব্যক্তির নিজস্ব আয়, প্রয়োজন এবং দূরদর্শী আর্থিক লক্ষ্যের ওপর।

যেসব খাতে খরচ করা বুদ্ধিমানের কাজ

বিশ্লেষকদের মতে, যেসব জিনিস আপনাকে ভবিষ্যতে বড় কোনো আর্থিক ক্ষতি বা চিকিৎসা খরচ থেকে রক্ষা করে, সেগুলো যেকোনো মানুষ সব সময় পাওয়ার যোগ্য। ছবি: পেক্সেলস

বিশ্লেষকদের মতে, যেসব জিনিস আপনাকে ভবিষ্যতে বড় কোনো আর্থিক ক্ষতি বা চিকিৎসা খরচ থেকে রক্ষা করে, সেগুলো সব সময় পাওয়ার যোগ্য।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ডেন্টাল চেকআপ, সানস্ক্রিন বা ভালো স্কিন কেয়ার এবং গাড়ি বা বাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ। এগুলো দেখতে অপ্রয়োজনীয় মনে হলেও ভবিষ্যতে বড় ধরনের বিল থেকে বাঁচায়।

জুতা, ম্যাট্রেস বা তোশক, গাড়ির টায়ার এবং অফিসের চেয়ার—এসব জিনিসের ক্ষেত্রে দাম না দেখে ভালো মানের পণ্য কেনা উচিত। ওয়াশিংটনভিত্তিক ফিন্যান্সিয়াল প্ল্যানার নোয়া শোয়াব বলেন, ‘এসবের ব্যবহার-প্রতি-খরচ আসলে সামান্য। কিন্তু সস্তা বিকল্পের পরিণতি শেষ পর্যন্ত হাসপাতালের বিলে গিয়ে দাঁড়ায়।’

ড্রাই ক্লিনিং, ঘর পরিষ্কার করার সার্ভিস বা গ্রোসারি ডেলিভারি মিলিয়ে এসব সেবার পেছনে খরচ করলে যে সময় বাঁচে, তা মানসিক প্রশান্তি দেয় এবং কাজের দক্ষতা বাড়ায়।

কাজের জায়গায় অবসর তহবিলে অনুদান দেওয়া এবং নিয়োগকর্তার ম্যাচিং সুবিধা নেওয়াকে বিশ্লেষকেরা উচ্চমানের আর্থিক বিনিয়োগ হিসেবে দেখেন।

ফিন্যান্সিয়াল প্ল্যানাররা যা বলছেন

ফিন্যান্সিয়াল প্ল্যানাররা টিকটকের এই ট্রেন্ডের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত খরচকে ৩টি মূল ভাগে ভাগ করে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। টিকটকের এই ট্রেন্ড থেকে মূল শিক্ষণীয় বিষয় কোনো নির্দিষ্ট পণ্যের তালিকা নয়। এখান থেকে আপনি নিজের জন্য একটি আর্থিক ফিল্টার তৈরি করতে পারেন। কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, সেটি কি ভবিষ্যতের বড় কোনো খরচ বাঁচাবে? এটি কি আমার মূল্যবান সময় ফিরিয়ে দেবে? নাকি এটি শুধু অন্যকে প্রভাবিত করার জন্য কেনা হচ্ছে? প্রথম দুটি ক্যাটাগরিতে টাকা খরচ করাই একজন সাধারণ মানুষের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

যেসব খরচ বিবেচনাযোগ্য

কিছু খরচ একেবারে ফেলনা নয়, আবার সবার জন্য সমান কার্যকরও নয়।

পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি থাকলে তাঁর জন্য টার্ম লাইফ ইনস্যুরেন্স খুবই জরুরি। তবে অতিরিক্ত ব্যয়বহুল হোল লাইফ ইনস্যুরেন্স বেশির ভাগ পরিবারের জন্য অপ্রয়োজনীয়।

বাড়ি রি-মডেলিং বা সাজসজ্জার পেছনে করা খরচ ভবিষ্যতে বিক্রি করে উশুল হবে—এমনটা ধরে নেওয়া ভুল। ঘরের সৌন্দর্য থেকে নিজের মানসিক আনন্দ পাওয়ার উদ্দেশ্যে এটি করা যেতে পারে, আর্থিক রিটার্নের জন্য নয়।

ইলেকট্রনিকস বা গাড়ির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি কেনা অনেক সময় অযথা খরচ বাড়ায়, যদিও হঠাৎ বড় মেরামতের হাত থেকে বাঁচতে কিছু ক্ষেত্রে এটি কার্যকর।

যেসব খাতে টাকা ঢালা একেবারেই অনুচিত

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে এসে শুধু অন্যকে দেখানোর জন্য বা সাময়িক অন্ধ মোহে যে খরচগুলো করা হয়, সেগুলো বিশ্লেষকেরা সরাসরি অর্থের অপচয় বলেছেন। যেমন জায়গা খালি করার কথা বলে জিনিস জমা রাখতে গিয়ে বছরের পর বছর স্টোরেজ ইউনিটের ভাড়া গোনা বা খেয়াল না করে জিও/অ্যাপের সাবস্ক্রিপশন চালু রাখা।

সামাজিক মাধ্যমে বা সমাজে নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দামি ব্র্যান্ডের পোশাক, বিলাসবহুল গাড়ি বা ঋণ নিয়ে শখ পূরণ করা।

প্রাইভেট ওয়েলথ অ্যাডভাইজার ব্রেট হিনা বলেন, ‘তুলনা থেকে তৈরি হওয়া এই লাইফস্টাইল ইনফ্লেশন মানুষকে সত্যিকারের আর্থিক স্বাধীনতা থেকে দূরে ঠেলে দেয়।’

সূত্র: সাকসেস ম্যাগাজিন