দশমীর সকালের তাড়াহুড়োয় সেভাবে মেকআপ করার সুযোগ হয়ে ওঠে না। স্নান সেরে এক প্যাঁচ করে শাড়ি গায়ে জড়িয়ে নিতে পাটাই অনেকের কাছে বিরাট কর্ম। কিন্তু দশমীই তো সেই দিন যেদিন মনভরে সাজগোজ করার ইচ্ছে জাগে বাড়ির নারীদের। শুধু শাড়িই নয়, সালোয়ার-কামিজ, কুর্তি, ফতুয়া, টপস, এমনকি টি-শার্টের সঙ্গেও ঝটপট কী করে সেজে নিলে সারা দিন আপনাকে ঝলমলে দেখাবে সে কথাই বলতে আসা। দশমীর দিন যাঁরা লাল রঙের পোশাক পরবেন বলে ভেবেছেন, তাঁরা কিন্তু কাজ অনেকটাই এগিয়ে এনেছেন। লাল যেহেতু আভিজাত্য়ের রং। তাই এ রঙের পোশাকে গর্জিয়াস লুক নিয়ে খুব একটা ভাবতে হয় না। লাল যেহেতু বোল্ড রং, তাই এর সঙ্গে পোশাকের সাজসজ্জাও হবে হালকা ধাঁচের; যা আপনার সময় বাঁচিয়ে দেবে অনেকটাই।
লাল অরগাঞ্জা শাড়ির সঙ্গে লাল রঙের লিপস্টিকের ব্যবহার একই সঙ্গে ক্ল্যাসিক এবং ক্লাসি একটা লুক দেয়। লাল লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে আপনার বেজ মেকআপ অবশ্যই খুব ন্যাচারাল হতে হবে। হালকা মেকআপে লাল লিপস্টিক ব্যবহার করলে মুখের মূল আকর্ষণ হবে আপনার ঠোঁট। এ ক্ষেত্রে লাল লিপলাইনার দিয়ে ঠোঁটের কিনারা এঁকে নিয়ে তারপর লিপস্টিক দিয়ে বাকি অংশ পূরণ করবেন। এভাবে লিপস্টিক দিলে ঠোঁটের আকারটা সুন্দরমতো ফুটে ওঠে এবং দীর্ঘ সময় পর্যন্ত লিপস্টিক স্থায়ী হয়। মডেল: শানু, শাড়ি: আর্টেমিস, মেকআপ: শোভন সাহা, ছবি মেহেদী হাসান
একটা টুকটুকে লাল সুতি শাড়ি পরেই যদি দিনটা পার করতে চান তাহলে খুব হালকা করে মুখে ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন। সঙ্গে ব্লাশ, কনসিলার ও হাইলাইটার খুবই হালকা করে ব্যবহার করুন, যাতে একটা ন্যাচারাল লুক তৈরি হয়। মডেল: জেবা, মেকআপ: শোভন মেকওভার, ছবি: মেহেদী হাসান
লাল রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে অলংকার হালকা পরলেই ভালো। এ ক্ষেত্রে হাতে রুপালি ব্রেসলেট, কানের দুল, গলায় চোকার ও আঙুলে আংটি পরলেই দেখতে চমৎকার লাগবে। বেশি কিছুর দরকার নেই। তবে লাল শাড়ি হলে হাতভর্তি লাল রেশমি চুরি ও একটু ভারী অলংকার পরলে বেশ মানাবে। সঙ্গে কপালে একটা টিপ দিতে যেন ভুলবেন না। মডেল: মার্শিয়া, পোশাক: হরীতকী, ছবি: হাসান রাজা
সন্ধ্য়াবেলায় যদি পশ্চিমা ঘরানার কোনো লাল পোশাক পরেন, তাহলে ঠোঁটে লাল লিপস্টিক দিতে পারেন, সঙ্গে চোখের সাজটাও হতে পারে ভিন্ন ধাঁচের। এ ক্ষেত্রে চোখের পাতায় নিউট্রাল টোনের আইশ্যাডো ব্যবহার করে লাল বা মেরুন আইলাইনার টেনে সাজটাকে করে তুলতে পারেন অনবদ্য। মডেল: মার্শিয়া, মেকআপ: শোভন মেকওভার, ছবি: হাসান রাজা
যদি আপনার চোখকে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে রাখতে চান, তবে চোখের ওপর মোটা করে আইলাইনার টেনে দিন। আইলাইনার চোখের সীমা ছেড়ে খানিকটা বেশিই টানুন। কালো উইং আইলাইন যাকে বলে। এ ক্ষেত্রে লিপস্টিকের রং লাল বাদে অন্য যেকোনো নিউট্রাল রং হলে ভালো হয়। টানা কাজল বা ডানাকাটা চোখ যেকোনো পোশাকের সঙ্গেই খুব সুন্দর মানিয়ে যায়। মডেল: মৌমিতা, মেকআপ: নিউ রেড বিউটি স্যালন, ছবি: হাসান রাজা
সূত্র: লঁরিয়েল প্যারিস ইউএসএ ও অন্যান্য