হোম > জীবনধারা > জেনে নিন

আত্মবিশ্বাসী হতে চাইলে শুরু করুন এই ৬ অভ্যাস

ফিচার ডেস্ক

অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন এবং নিজেকে সবার সমান ভাবতে শুরু করুন। ছবি: পেক্সেলস

ম্যাক্সওয়েল মাল্টজ একবার দারুণ একটা কথা বলেছিলেন, ‘কম আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানে গাড়ির হ্যান্ডব্রেক টেনে ড্রাইভ করার মতো।’ অর্থাৎ, আপনার ভেতরে সুপ্ত প্রতিভা থাকলেও আপনি এক কদমও এগোতে পারবেন না। সত্য কথা বলতে কি, জন্ম থেকে কেউ বুকভরা আত্মবিশ্বাস পকেটে নিয়ে পৃথিবীতে আসে না। ব্যবসায়িক লড়াই কিংবা ব্যক্তিজীবনের ধাক্কায় যখন বারবার আত্মবিশ্বাসের বেলুন ফুটো হতে থাকে, তখন নিজ দায়িত্বে তাতে হাওয়া দিতে হয়। প্রথাগত ছক ভেঙে আত্মবিশ্বাস বাড়ানোর কিছু কৌশল আছে, যা আপনার জীবনকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।

মাঝে মাঝে কি এমন হয় যে জরুরি কোনো মিটিংয়ে বা পরীক্ষার হলে হঠাৎ মাথার ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেল? মনে হচ্ছে, এই তো সব জানা ছিল, কিন্তু এখন একটা কথাও মনে আসছে না! অনেকে একে স্রেফ সাধারণ ভুলে যাওয়া বলে উড়িয়ে দেন। কিন্তু বিজ্ঞান বলছে, এর পেছনে রয়েছে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা। অনেকে শৈশব থেকে শোনেন, তুমি বড় বেশি খামখেয়ালি! এত অধৈর্য হলে চলে? এই কথাগুলো অন্যের অজান্তেই অনেকের আত্মবিশ্বাস কমিয়ে দেয় শিশুকাল থেকে।

কেন এই অস্থিরতা

তীব্র উদ্বেগ বা দুশ্চিন্তার কারণে মস্তিষ্কে অতিরিক্ত কর্টিসল হরমোন তৈরি হয়। এই হরমোনের আধিক্য এবং নিরন্তর মানসিক চাপের ফলে আমাদের ওয়ার্কিং মেমরি বা কাজের স্মৃতি ভীষণ ব্যাহত হয়। বারবার নেতিবাচক চিন্তা আর দুশ্চিন্তার চক্রে আটকে থেকে মস্তিষ্ক তখন এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে শুধু আত্মরক্ষা বা বিপদের আশঙ্কা নিয়ে ভাবতে বাধ্য হয়। ফল হিসেবে, ছোটখাটো ভুলে যাওয়ার প্রবণতা শুরু হয়। আর সেখান থেকে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়ে তোলে। অর্থাৎ, উদ্বেগ আর ভুলে যাওয়ার এই চক্রের শেষ নেই। তবে এই গোলকধাঁধা থেকে বের হয়ে আসার চাবিকাঠি কিন্তু আপনার হাতেই রয়েছে। তার জন্য প্রয়োজন আত্মবিশ্বাসকে শাণিত করা। কম আত্মবিশ্বাস যেন জীবনে হ্যান্ডব্রেক টেনে ধরে চলার মতো। তাই মস্তিষ্ক এবং মন চাঙা করতে কিছু পরামর্শ অনুসরণ করতে পারেন।

আয়নার সামনে কম সময় কাটান

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, আয়নার সামনে অতিরিক্ত সময় কাটানো বা নিজের ত্রুটি খোঁজা মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আয়না ব্যবহার করুন শুধু সাজগোজ ঠিক করার জন্য, নিজেকে নিয়ে সারাক্ষণ চুলচেরা বিশ্লেষণে বসার জন্য নয়। আর যখনই আয়নায় চোখ পড়বে, নিজের কোনো একটা ইতিবাচক দিক খুঁজে বের করুন।

আয়না ব্যবহার করুন শুধু সাজগোজ ঠিক করার জন্য, নিজেকে নিয়ে সারাক্ষণ চুলচেরা বিশ্লেষণে বসার জন্য নয়। ছবি: পেক্সেলস

নেতিবাচক অনুমান করা বন্ধ করুন

অপরিচিত লোকদের ঘরে ঢুকলেই কি বুক ধড়ফড় করে? মনে হয় সবাই আপনাকে বিচার করছে বা পছন্দ করছে না? এই মানসিকতা বদলান। উল্টোটা ভাবুন। ধরে নিন, মানুষ আপনাকে পছন্দ করবে। এই ছোট মানসিক পরিবর্তনটিই নিমেষে আপনার ভেতরকার নার্ভাসনেস উধাও করে দেবে।

হাসুন এবং আই-কন্টাক্ট রাখুন

হার্ভার্ড মেডিকেল স্কুলের মনোবিজ্ঞানী ন্যান্সি এটকফের মতে, একটা সাধারণ হাসিও শরীর শিথিল করে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এর সঙ্গে যুক্ত করুন চোখের দিকে তাকিয়ে কথা বলার অভ্যাস। সরাসরি চোখে চোখ রেখে কথা বলা শুধু শক্তির প্রকাশ নয়, এটি আপনাকে ভেতর থেকে আত্মবিশ্বাসী করে তোলে।

কী করেছেন, সেই তালিকায় নজর দিন

সারা দিন কী কী করতে হবে, তার তো শেষ নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, অতীতে কী কী জয় আপনি অর্জন করেছেন? বড় বড় মাইলফলক বা ছোট সাফল্যের একটি ‘ডিড ইট’ তালিকা তৈরি করুন। আত্মবিশ্বাস কমে গেলে এই তালিকা একনজর দেখে নিলেই মন চাঙা হয়ে উঠবে।

ভয় চ্যালেঞ্জ জানান এবং ভুল স্বাভাবিক হিসেবে গ্রহণ করুন

প্রতিদিন এমন একটা কাজ করুন, যা আপনাকে সামান্য হলেও ভয় দেখায়। জিয়া জিয়া নামের এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ১০০ দিন মানুষের কাছে অদ্ভুত সব আবদার করে প্রত্যাখ্যাত হয়ে নিজের ভয়ের ভূত তাড়াতে পেরেছিলেন। আর হ্যাঁ, ভুল তো মানুষই করে। ভুলগুলোকে অপরাধ না ভেবে বরং স্বাভাবিক হিসেবে নিয়ে সেখান থেকে শিক্ষা নিন।

নিজের যত্ন এবং শারীরিক ভাষার ম্যাজিক

আত্মবিশ্বাসের পেছনে কাজ করে সুস্থতা। নিয়মিত ব্যায়াম শুধু শরীর ফিট রাখে না, মনও ফুরফুরে করে। ওহাইও স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, সোজা হয়ে বসা বা সঠিক ভঙ্গি শুধু পিঠের স্বাস্থ্যই ভালো রাখে না, নিজের সম্পর্কে ইতিবাচক ধারণাও তৈরি করে। এ ছাড়া নিজের ভালো লাগার কোনো শখ বা নতুন কিছু শেখা (যেমন নতুন ভাষা বা রান্নাবান্না) আত্মবিশ্বাস বাড়ানোর মোক্ষম দাওয়াই।

আত্মবিশ্বাস কোনো জাদু নয়। এটি একধরনের মানসিক পেশি, যা নিয়মিত চর্চায় শক্তিশালী হয়। অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন এবং নিজেকে সবার সমান ভাবতে শুরু করুন। দেখবেন, জীবনের গাড়ির হ্যান্ডব্রেক খুলে দেওয়ার পর পথচলা কত সহজ হয়ে গেছে।

সূত্র: টাইমস, মিডিয়াম