কখনো কাউকে হাই তুলতে দেখলে নিজেরও হাই আসে। এমনকি হাই তোলার শব্দ শুনলে কিংবা এ নিয়ে ভাবলেও হাই উঠতে পারে। আবার হাই তোলার সময় অনেকের চোখে পানি চলে আসে।
কেন একজনের হাই অন্যজনের মধ্যেও ছড়িয়ে পড়ে? আর হাই তোলার সময় চোখে পানি জমে কেন? এর পেছনে রয়েছে মস্তিষ্ক, মুখের পেশি ও চোখের কিছু স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। বিষয়গুলো নিয়ে এখনো গবেষণা চলছে।
হাই তুললে চোখে পানি আসার পেছনে একক কোনো কারণ নেই। এর সম্ভাব্য কারণগুলো নিচে তুলে ধরা হলো:
মস্তিষ্ক ঠান্ডা রাখা: ২০১৩ সালের একটি গবেষণায় দেখা গেছে, আমরা ঠিক কেন হাই তুলি তার চূড়ান্ত উত্তর এখনো মেলেনি। তবে গবেষকদের একটি বড় ধারণা হলো, হাই তোলার মাধ্যমে মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রিত ও ঠান্ডা হয়। তাদের মতে, চোখ দিয়ে পানি বের হওয়ার প্রক্রিয়াটি মাথার খুলির ভেতরের তাপ কমিয়ে দিতে ভূমিকা রাখতে পারে।
মুখমণ্ডলের পেশির চাপ: হাই তোলার সময় চোখের চারপাশের পেশিসহ পুরো মুখের পেশি শক্ত হয়ে সংকুচিত হয়। এতে অশ্রু উৎপাদনকারী গ্রন্থিগুলোর ওপর চাপ পড়ে এবং অজান্তেই চোখ পানিতে ভরে ওঠে। যাদের এমনিতেই চোখে পানি আসার প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি বেশি ঘটে।
ড্রাই আই সিনড্রোম: শুনতে অবাক লাগলেও, চোখ অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে বা ‘ড্রাই আই সিনড্রোম’ থাকলে চোখ দিয়ে বেশি পানি পড়তে পারে। চোখের সুরক্ষার জন্য পর্যাপ্ত মানসম্মত আর্দ্রতা বা পিচ্ছিল ভাব তৈরি না হলে সেটিকে ‘ড্রাই আই সিনড্রোম’ বলা হয়। এর ফলে চোখ বাড়তি পানি তৈরি করতে শুরু করে। ড্রাই আই সিনড্রোম থাকলে হাই তোলার মতো সাধারণ একটি প্রক্রিয়াতেও সহজেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তে পারে।
এ ছাড়া পারিপার্শ্বিক কিছু কারণেও সব সময় না হলেও মাঝেমধ্যে হাই তোলার সময় চোখে পানি আসতে পারে। যেমন—ঠান্ডা বা শুষ্ক আবহাওয়া, ফ্যান বা এসির বাতাস, ধুলাবালি ও সুগন্ধির সংস্পর্শ, অ্যালার্জি, কনজাংটিভাইটিস (চোখ ওঠা), অঞ্জনি বা কর্নিয়ায় সামান্য আঁচড় লাগা।
না। সবাই হাই তুললে চোখে পানি পড়ে না। কারও চোখে পানি আসে, আবার কারও আসে না। এমনকি একই ব্যক্তিরও প্রতিবার হাই তোলার সময় চোখে পানি নাও আসতে পারে। এর একটি কারণ হতে পারে চোখে অশ্রু তৈরির পরিমাণ ও চোখের শারীরিক অবস্থা। যাদের চোখে স্বাভাবিকভাবেই অশ্রু কম তৈরি হয়, তাদের হাই তোলার সময় চোখে পানি না-ও আসতে পারে। এ ছাড়া পরিবেশ ও শারীরিক অবস্থার ওপরও বিষয়টি নির্ভর করতে পারে। হাই তোলার সময় চোখে পানি আসার বিষয়টি কতটা সাধারণ, তা নিয়ে পর্যাপ্ত গবেষণাও নেই।
হাই তোলার সময় চোখে পানি আসা সাধারণত স্বাভাবিক। তবে সবার ক্ষেত্রে এর মাত্রা এক রকম নয়। কারও চোখে সামান্য পানি জমে, আবার কারও তুলনামূলক বেশি পানি পড়তে পারে। আগে যতটা পানি পড়ত, তার চেয়ে হঠাৎ অনেক বেশি পড়তে শুরু করলে কিংবা বিষয়টি অস্বস্তির কারণ হলে সেটিকে অতিরিক্ত হিসেবে বিবেচনা করা যেতে পারে।
এমন হলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। চক্ষু বিশেষজ্ঞ চোখের বিভিন্ন সমস্যা, যেমন ড্রাই আই বা চোখের শুষ্কতাজনিত সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে পারেন।
হাই তোলা বা অন্য কোনো সময়ে চোখের পানিতে জ্বালাপোড়া বা খচখচানি ভাব হওয়া স্বাভাবিক নয়। নিচের কারণগুলোতে এমনটি হতে পারে:
গবেষণায় প্রমাণিত হয়েছে যে হাই তোলা আসলেই ছোঁয়াচে এবং এর সঙ্গে মানুষের সহমর্মিতার (এমপ্যাথি) সম্পর্ক রয়েছে। অপরিচিত কারও চেয়ে পরিচিত বা কাছের মানুষের হাই দেখলে আমরা দ্রুত প্রভাবিত হই। কাউকে হাই তুলতে দেখলে, শব্দ শুনলে এমনকি হাই তোলার কথা ভাবলেও এমনটি ঘটতে পারে।
২০১৩ সালের একটি গবেষণায় ৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদের হাই তোলার প্রবণতা পর্যবেক্ষণ করা হয়। গবেষকেরা দেখতে পান, তিন বছর বয়সী শিশুদেরও অন্যের চোখের দিকে তাকানোর পর হাই তোলার প্রবণতা দেখা যায়।
হাই তোলার সময় চোখে পানি আসা সরাসরি বন্ধ করার কোনো উপায় নেই। তবে অ্যালার্জি বা শুষ্ক চোখের চিকিৎসা করালে এই সমস্যা অনেকটাই কমে আসে। এ ছাড়া পর্যাপ্ত ও ভালো ঘুম নিশ্চিত করলে এবং অলস বা একঘেয়েমি লাগলে একটু হাঁটাচলা করলে ঘন ঘন হাই তোলার প্রবণতা কমানো সম্ভব। তবে চোখে অতিরিক্ত পানি পড়া, জ্বালাপোড়া বা অন্য কোনো অস্বস্তি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: হেলথলাইন